ক্যাচ মিসের মাসুল, রিকেলটনের সেঞ্চুরি!

টেস্টে একবার ক্যাচ ফেললেই সর্বনাশ, রিকেলটন তো জীবন পেলেন দুইবার। যার মাশুল বাংলাদেশকে দিতে হলো গুনে গুনে।

শূন্যতে একবার, ৩০-এ একবার,  ভাগ্যের জোরে দু বার জীবন পেয়েছিলেন রায়ান রিকেলটন! বেঁচে গিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন। আর  দুটি ক্যাচ মিসের দাম বাংলাদেশকে দিতে হয়েছে নির্মমভাবেই। ম্যাচের নিয়ন্ত্রণ যে রিকেলটন তুলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাছে।

শুরুটা হয়েছিল শূন্য রানে। বল লিটন দাসের গ্লাভসে এসেও থাকলো না, আর ভাগ্য প্রথমবার কড়া নাড়ল রিকেলটনের দরজায়। ৩০ রানে দ্বিতীয়বার এল সেই একই সুযোগ। শর্ট কভারে মাহফিজুল ইসলামের দুই হাতে এসেও তিনি ধরতে পারলেন না,  কঠিন কিছু ছিল না, তবু পড়ে গেল মাটিতে। দুটো মুহূর্তই এমন, যেখানে একটু মনযোগ আর ভাগ্যে পুরো ম্যাচের গল্প অন্যরকম হয়ে যেত।

এভাবে জীবন পাওয়ার পর সেটাকে কাজে না লাগালে সবই বৃথা। উপহারটা তাই আঁকড়ে ধরলেন দুই হাতে। বৃষ্টি আর বজ্রপাতের দিনে পায়ের পেশির চোটে অধিনায়ক টেম্বা বাভুমা রিটায়ার্ড হার্ট হয়ে উঠে গিয়েছিলেন। দল তখন টালমাটাল, উইকেট পড়ছে একের পর এক। রিকেলটন চুপচাপ দায়িত্বটা কাঁধে তুলে নিলেন। অন্য প্রান্তে কাগিসো রাবাদাকে নিয়ে রিকেলটন এগিয়ে চললেন ধীরে, শান্ত চোখে।

বাংলাদেশের বোলাররা অবশ্য খারাপ করেননি। হাসান মাহমুদের বল বারবার ব্যাটের কানা ছুঁয়ে বেরিয়ে গেল, তাসকিন আর মিরাজও লড়লেন। কিন্তু প্রতিটি ভালো বলের পর ফিল্ডারদের মনে পড়ছিল সেই দুটো ক্যাচ। যাকে শূন্যতেই ফেরানো যেত, তিনিই করলেন ১০২।

শতক এল ১৬৫ বলে, ঠিক ওয়ান্ডারার্সের মেজাজের মতোই গম্ভীর আর নিখুঁত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির পর আবারও তিন অঙ্ক, এবার ব্যাক টু ব্যাক। সবাই দাঁড়িয়ে হাততালি দিল। মিরাজের বলে স্টাম্পড হয়ে যখন ফিরছিলেন, তাঁর হাঁটায় কোনো আক্ষেপ ছিল না। তিনি জানতেন, যা নেওয়ার ছিল নিয়ে গেছেন। টেস্টে একবার ক্যাচ ফেললেই সর্বনাশ, রিকেলটন তো জীবন পেলেন দুইবার। যার মাশুল বাংলাদেশকে দিতে হলো গুনে গুনে।

Share via
Copy link