প্রথম তিন ম্যাচের তিনটিই হেরে অবশেষে চতুর্থ টেস্টে জয়ের দেখা পেলো ইংল্যান্ড। ১৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো তাঁদের। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দুই দিনেই চলে আসে ম্যাচ ফলাফল। ১৯৭৮ সালের পরে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে সফল রান তাড়া করে ইংলিশ বাহিনী।
টসে জিতে ফিল্ডিং নিয়ে জশ টাংয়ের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মাত্র ১৫২ রানে অলআউট করে দেয় ইংল্যান্ড। কিন্তু সেই রান তাড়া করতে গিয়ে মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড এর বোলিং তোপে ১১০ রানের যাত্রা থামাতে হয় স্টোকস বাহিনীর।
দ্বিতীয় ইনিংসে আবারও নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের কৃতিত্বে ১৩২ রানেই সব উইকেট হারিয়ে ফেলে টিম অস্ট্রেলিয়া। ৩৪ রানে ৪ উইকেট নেয় ব্রাইডন কার্স।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫১ রানের দারুণ জুটি গড়েন দুই ইংলিশ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। ডাকেট ও কার্স ড্রেসিং রুমে ফিরে গেলে জ্যাকব বেথেল ও জ্যাক ক্রলির জুটি অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে থাকে।
প্রায় ৫৪৬৮ দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পেল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড শেষ ১৮ ম্যাচে ১৬ হারের বিপরীতে ড্র করে ২টি ম্যাচ। ১৯তম ম্যাচে গিয়ে সেই পরাজয়ের বৃত্ত ভাঙলো স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল।
প্রথম ইনিংসে পাঁচ উইকেট ও দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নেওয়ার কৃতিত্বে ম্যাচ সেরা হন জশ টাং। নতুন বছরের ৪ তারিখ সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।











