ম্যাথু ব্রিজকি, আরও এক ধ্রুপদী ব্যাটারের আবির্ভাব

তিনি একটা বার্তা স্পষ্ট করছেন, এই দাপট অন্তত চলমান থাকবে ক্যারিয়ারের আদ্যোপান্ত। বয়সটা যে তার মাত্র ২৬।

আরও এক ধ্রুপদী ব্যাটার পদার্পণ করলেন ক্রিকেট দুনিয়ায়। অনন্য, বিরল এক রেকর্ডের একমাত্র কারিগর ম্যাথু ব্রিজকি। ওয়ানডে অভিষেকের পর পাঁচ ম্যাচ খেলেছেন। এই পাঁচ ইনিংসে তিনি কখনোই আউট হননি পঞ্চাশ রানের নিচে। অবিশ্বাস্য ধারাবাহিকতা, অনবদ্য ব্যাটিং সক্ষমতা। ক্রিকেট বিশ্বে নিজের রাজত্ব প্রসারের ঘোষণা এর থেকে জোরাল হতে পারে না।

ক্রিকেট ইতিহাসে অভিষেকের পর একটানা পাঁচ ম্যাচ অর্ধশতক বা তার বেশি রান করার রেকর্ড নেই কারোই। ব্রিজকির পরের অবস্থানে রয়েছেন তারই সতীর্থ রসি ভ্যান ডার ডুসেন। তিনি তিন ম্যাচে পঞ্চাশ রানের গণ্ডি ছাপিয়ে যেতে পেরেছিলেন।

কিন্তু সেগুলোও ছিল না একটানা। অতএব ব্রিজকির রেকর্ডটা প্রায় অভেদ্য তা বলে দেওয়া যায় অনায়াসে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ফিফটি হাঁকালেন ম্যাথু ব্রিজকি। এগিয়ে যাচ্ছিলেন আরও একটি শতকের দিকে।

কিন্তু অভিষেক ম্যাচের পর তার আর তিন অংকের ম্যাজিক্যাল ফিগার ছোঁয়া হয়নি। জোফরা আর্চারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হওয়ার আগে পর্যন্ত ৮৫ রান যুক্ত হয়েছে তার নামের পাশে। এই নিয়ে তৃতীয় দফা তিনি আউট হয়েছেন ৮০ এর ঘরে।

নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই ১৫০ রান করেছিলেন তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষে ৮৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ রান করলেন তিনি। মাঝের একটি ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি আউট হয়েছেন ৫৭ রানে। এই মুহূর্তে তার ব্যাটিং গড় ৯২.৬০। এই সংখ্যাটা সময়ের সাথে কমবে নিশ্চয়ই।

তবে এখন পর্যন্ত তার সংগ্রহ করা ৪৬৩ রানের ট্যালিটা বাড়বে তা সুনিশ্চিত। তবে দেখবার বিষয় যে উচ্চাশার জন্ম দিয়ে তার আবির্ভাব ঘটেছে, তা ঠিক কতদিন অবধি স্থায়ী হয়। কিন্তু তিনি একটা বার্তা স্পষ্ট করছেন, এই দাপটের সমাপ্তি অন্তত চলমান থাকবে ক্যারিয়ারের আদ্যোপান্ত। বয়সটা যে তার মাত্র ২৬।

Share via
Copy link