নামের ভারেই কার্ড থেকে বেঁচে গেলেন মেসি?

আলজেরিয়ার আইসা মান্দির ওপর মেসির সেই 'স্টাডস-আপ' চ্যালেঞ্জটি কি আসলেই লাল কার্ডের দাবিদার ছিল?

লিওনেল মেসির হ্যাটট্রিকের দিনেও অন্যতম বড় শিরোনাম হয়ে দাঁড়িয়েছে তাঁরই করা একটি বিতর্কিত ট্যাকল। আলজেরিয়ার আইসা মান্দির ওপর মেসির সেই ‘স্টাডস-আপ’ চ্যালেঞ্জটি কি আসলেই লাল কার্ড বা অন্ততপক্ষে হলুদ দাবিদার ছিল? প্রশ্ন এখন শুধু রেফারির সিদ্ধান্ত নিয়ে নয়, বরং ফুটবলের অদৃশ্য এক ‘আইকন কালচার’ নিয়েও।

ফুটবলের নিয়ম অনুযায়ী, স্টাডস-আপ চ্যালেঞ্জ যা প্রতিপক্ষের চোটের ঝুঁকি বাড়ায়, তা সরাসরি লাল কার্ডের অন্তর্ভুক্ত হওয়ার কথা। আশ্চর্যজনকভাবে, রেফারি তো দূরের কথা, ভিএআর রুম থেকেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ক্যাবল একটা ফ্রি কিক দিয়েই ফের খেলা চালু রাখা হলো – যেন তেমন কিছুই হয়নি। মেসি যখন মাঠ মাতাচ্ছেন, তখন তার সেই অখেলোয়াড়সুলভ আচরণের দায়মুক্তি কি কেবল রেফারির ভুল সিদ্ধান্ত, নাকি অন্য কিছু?

​এই ঘটনার পেছনে প্রতিপক্ষের নীরবতাও ছিল লক্ষণীয়। ফাউল করার সাথে সাথেই মেসি যেভাবে মান্দির সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন। তাতেই আলজেরিয়ার খেলোয়াড়রা জোরালো কোনো প্রতিবাদ জানাননি।

মাঠের খেলায় মেসির মতো কিংবদন্তি খেলোয়াড়ের প্রতি এক ধরনের অলিখিত সম্মান বা প্রভাব কাজ করে। যা অনেক সময় রেফারির নিরপেক্ষ সিদ্ধান্ত কিংবা প্রতিপক্ষ খেলোয়াড়দের উপরও প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে ম্যাচে মেসির পারফরম্যান্স ছিল অসাধারণ। নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখে তিনি হ্যাটট্রিক দিয়ে আর্জেন্টিনাকে জয় উপহার দিয়েছেন। তবে দিনশেষে তাঁর এই অনাকাঙ্ক্ষিত ট্যাকলটি সমালোচকদের জন্য একটি বড় রসদ হয়ে থাকল।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link