ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। আর সেই অনিশ্চয়তার মেঘ যেন এখন ঋষভ পান্তের ক্যারিয়ারের ওপর। সাম্প্রতিক গুঞ্জন সত্যি হলে, ভারতের ওয়ানডে দল থেকে বাদ পড়তে চলেছেন এই মারকুটে উইকেটকিপার-ব্যাটার। অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের কড়া নজরদারিতে সাদা বলের ক্রিকেটে পান্তের জায়গা এখন অনিশ্চিত।
চলমান আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে পান্তের পারফরম্যান্স মোটেও আশাব্যঞ্জক নয়। আটটি ম্যাচে মাঠে নেমে তিনি সংগ্রহ করেছেন মোটে ১৮৯ রান। ২৭ গড়ে করা এই রানের ঝুলিতে অর্ধশতক মাত্র একটি।
বাইশ গজে তার এই ম্রিয়মাণ উপস্থিতিই মূলত নির্বাচকদের ভাবিয়ে তুলছে। ওয়ানডে ফরম্যাটে ভারতের উইকেটকিপার হিসেবে লোকেশ রাহুল এখন প্রথম পছন্দ, আর দ্বিতীয় বিকল্প হিসেবে পান্তের চেয়েও যোগ্য সৈনিক হয়ে উঠেছেন সাঞ্জু স্যামসন।

পান্তের যখন দু:সময়, সাঞ্জু স্যামসন তখন উড়ছেন বসন্তের হাওয়ায়। চেন্নাই সুপার কিংসের জার্সিতে নিজের অভিষেক আইপিএল মৌসুমেই তান্ডব চালাচ্ছেন তিনি। মাত্র আট ম্যাচে ৩০৪ রান তুলে নেওয়া এই কেরল-পুত্র ইতিমধ্যেই হাঁকিয়েছেন দুটি বিধ্বংসী সেঞ্চুরি।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ব্যাট কথা বলেছে। ওয়ানডে ফরম্যাটে স্যামসনের রেকর্ড সবসময়ই ঈর্ষণীয়। ১৪ ইনিংসে ৫৬.৬৭ গড়ে ৫১০ রান করা কোনো ব্যাটারকে দিনের পর দিন বসিয়ে রাখা যে কঠিন, তা বুঝতে পারছেন নির্বাচকরাও।
আগামী ১৪ জুন থেকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের পরবর্তী বিশ্বকাপ যাত্রা শুরু হবে। সেখানে পান্তের জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে সাদা বলের ক্রিকেটে অনিশ্চয়তা থাকলেও লাল বলের অর্থাৎ টেস্ট ক্রিকেটে পান্তের সিংহাসন এখনও অবিচল। টেস্টে তার অপরিহার্যতা নিয়ে এখনই কোনো প্রশ্ন তুলছে না বোর্ড।

লখনৌ অধিনায়কের জন্য এখন সময়টা ঘুরে দাঁড়ানোর। আইপিএলের বাকি ম্যাচগুলোতে ব্যাট হাতে আগুন না ঝরাতে পারলে, নীল জার্সিটা হয়তো আপাতত আলমারিতেই তুলে রাখতে হবে তাকে।











