রিয়াল মাদ্রিদ সাম্প্রতিক সময় ভাল যাচ্ছে না। লা লিগায় বার্সালোনার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে থেকে সেই শিরোপা ঘরে ফেরানোর স্বপ্নও মোটামুটি বাদ দিয়ে দিয়েছে এরই মধ্যে। এখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বায়ার্ন মিউনিখ।
সান্তিয়াগো বার্নাব্যুতে ইউসিএলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। বায়ার্নের গোলে গ্লাভস হাতে থাকা ম্যানুয়েল নয়ারের বীরত্বের কাছে থেমে যেতে হয়েছে কিলিয়ান এমবাপে, ফেদে ভালভার্দেদের।
ইউসিএলে রিয়াল মাদ্রিদের আদিপত্য অন্য যে কোনো দলের চেয়ে আলাদা। কঠিন সব ম্যাচে পিছিয়ে থেকে পরে প্রত্যাবর্তনের গল্প লিখেছে অসংখ্যবার। কিন্তু, বায়ার্নের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাদের ঘরের মাঠে গিয়ে ম্যাচ বের করে আনা রিয়ালের জন্য অনেকটা অসম্ভব বলা চলে।

ইতালিয়ান ডন কার্লো অ্যানচেলোত্তি ব্রাজিলের কোচের দায়িত্ব দেওয়ার পর একটাও ট্রফি নিজেদের ক্যাবিনেটে তুলতে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা। অনেক আশা দেখিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত চাকরি হারাতে হয়েছে শাবি আলোনসোকে।
বায়ার্নের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না স্পেনের রাজধানী শহরের দলটির জন্য। কিন্তু, আশা একেবারে ছেড়ে দেওয়া যায় না। কারণ, দলটি ১৫ বারের ইউসিএল জেতা রিয়াল মাদ্রিদ।
বাকি সব জায়গায় রিয়ালের ফর্ম যাই হোক না কেন, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল ভয়ংকর যেকোনো সময়েই। তাই তো পরের লেগে অতীতের প্রত্যাবর্তনের গল্পগুলোয় নতুন পরদ যোগ করার আশায় থাকবেন রিয়ালের ভক্তরা।











