জার্সি বাজারে অ্যাডিডাসের জয়জয়কার

এবারের এই বৈশ্বিক উন্মাদনায় নাইকি বা পুমাকে বহুদূরে ফেলে একচেটিয়া রাজত্ব করছে জার্মান স্পোর্টসওয়্যার জায়ান্ট এডিডাস।

বিশ্বমঞ্চের ফুটবল মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তবে মাঠের লড়াই শুরুর আগেই ফুটবলপ্রেমীদের মনে ঝড় তুলেছে দলগুলোর নতুন জার্সি। এবারের এই বৈশ্বিক উন্মাদনায় নাইকি বা পুমাকে বহুদূরে ফেলে একচেটিয়া রাজত্ব করছে জার্মান স্পোর্টসওয়্যার জায়ান্ট এডিডাস। টুর্নামেন্টের শীর্ষ তিনটি সর্বোচ্চ বিক্রিত জার্সির সবকটিই এখন এই ব্র্যান্ডটির দখলে।

​বিশ্বজুড়ে জার্সির বাজারে এখন এক নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনার হোম জার্সি। আকাশী-সাদা এই জার্সির চাহিদা এতটাই আকাশচুম্বী যে, কারখানাগুলো রাতদিন এক করে ছাপিয়েও ক্রেতাদের চাহিদা মিটিয়ে উঠতে পারছে না। শোরুমে আসার আগেই সব বুকড হয়ে যাচ্ছে।

২০২২ সালের বিশ্বজয়ের স্মৃতিকে অমরত্ব দিতে এবারের ঐতিহ্যবাহী জার্সির বুকে ও ব্যাজে ব্যবহার করা হয়েছে আভিজাত্যপূর্ণ সোনালী রঙের আভা। তবে এই উন্মাদনার মূল কারণ অন্য জায়গায়। লিওনেল মেসির এটাই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। আর তাই, ফুটবলের এই সোনালী অধ্যায়ের সাক্ষী হতে বিশ্বজুড়ে সমর্থক আর সংগ্রাহকেরা অধিনায়কের নাম ও দশ নম্বর খচিত জার্সিটি সংগ্রহ করছেন এক ঐতিহাসিক স্মারক হিসেবে।

​ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে ফ্যাশন রানওয়েতে এবার সবচেয়ে বড় চমক দেখিয়েছে জাপানের অনবদ্য অ্যাওয়ে কিটটি। ছিমছাম ধবধবে সাদা রঙের জমিনের ওপর উজ্জ্বল লাল ও গোলাপী রঙের বিমূর্ত আগুনের শিখার এক ডিজাইন। এ যেন আধুনিক ফ্যাশন ধারণার এক দারুণ মেলবন্ধন। তরুণ প্রজন্ম দৈনন্দিন স্টাইল হিসেবে গায়ে জড়াচ্ছে এই জার্সি, যার ফলে চোখের পলকেই শোরুমগুলো শূন্য হয়ে যাচ্ছে।

অন্যদিকে উত্তর আমেরিকার বাজারে চোখ রাখলে দেখা যাবে মেক্সিকোর হোম জার্সির একচেটিয়া জয়জয়কার। মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর ফ্যাশন আউটলেটগুলোতে এখন শুধুই সবুজ রঙের মেলা। মেক্সিকোর ঐতিহ্যবাহী গাঢ় সবুজ কাপড়ের ভাঁজে ভাঁজে এডিডাস বুনে দিয়েছে প্রাচীন অ্যাজটেক সভ্যতার এক জটিল ও দৃষ্টিনন্দন রেট্রো প্যাটার্ন।

​৪৮ দলের এই মেগা বিশ্বকাপে মোট ১৩টি আলাদা আলাদা ব্র্যান্ড অংশ নিলেও বরাবরের মতো এবারও শতকরা ৭৫ ভাগের বেশি দলকে কিট সরবরাহ করছে শীর্ষ তিন পরাশক্তি। এডিডাস, পুমা ও নাইকি। এর মধ্যে একাই ১৪টি দলের স্পন্সর হয়ে বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে এডিডাস।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link