মুস্তাফিজ ইন ডেলিভারিঙ ওয়েল

১৮ তম ওভারে সুরিয়ার বিপক্ষে দেন মাত্র ছয় রান। চার ওভারে ৩০ রানে এক উইকেট পেয়ে নিজের বোলিং কোটা পূরণ করেন মুস্তাফিজ।

টানা তিন ম্যাচেই রোহিত শর্মার উইকেট। ২০১৫ সালে ওয়ানডে অভিষেকেই এই অভাবনীয় কাজ করে বসেছিলেন মুস্তাফিজুর রহমান। রোহিত শর্মাকে পুরো সিরিজ জুড়েই সেবার দারুণ ভুগিয়েছিলেন দ্য ফিজ!

এরপর মুস্তাফিজের ক্যারিয়ারে অনেক উত্থান-পতন হয়েছে। ক্যারিয়ারের অনেক রঙ দেখে ফেলার পরও আজও তিনি আইপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ। আর রোহিত শর্মার সাথে মুখোমুখি হওয়া মাত্রই পুরনো দ্বৈরথটা ফিরে আসল।

নিজের প্রথম ওভারেই তিনি ফিরিয়ে দেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ওপেনারকে। অফস্ট্যাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন দ্য হিটম্যান। উইকেটরক্ষক অভিষেক পোড়েল ঝাঁপিয়ে পড়ে বাঁজপাখির মত ক্যাচ তুলে নেন।

শুরুর ওভারে আঘাত হানার পর দ্বিতীয় ওভারেও তিনি ভুগিয়েছেন রায়ান রিকেলটন ও উইল জ্যাকসকে। তৃতীয় ওভারে আক্রমণে এসে দুই ওভারের স্পেল করেন। রান দেন ১৫ টি। এর মধ্যে প্রথম ওভারে রান দিয়েছিলেন মাত্র তিন রান।

এরপর দিল্লীর অধিনায়ক ফাফ ডু প্লেসিস তাঁকে আবার ফিরিয়ে আনেন ১৪ তম ওভারে। এক ছক্কায় সেই ওভারে নয় রান তোলেন সুরিয়াকুমার যাদব। ডেথ ওভারে ছিলেন অসাধারণ। ১৮ তম ওভারে সুরিয়ার বিপক্ষে দেন মাত্র ছয় রান। চার ওভারে ৩০ রানে এক উইকেট পেয়ে নিজের বোলিং কোটা পূরণ করেন মুস্তাফিজ।

অবশ্য, মুস্তাফিজের সাজানো বাগান এর পরের ওভারেই উজাড় করে দেন মুকেশ কুমার। ১৯ তম ওভারে ২৭ রান হজম করেন তিনি। শেষ ওভারে দুশমন্থ চামিরা গুণেন ২৫ রান। হুট করে মুম্বাইয়ের রান ১৮০-তে গিয়ে ঠেকে! ১৮ তম ওভারেই কেন মুস্তাফিজের কোটা শেষ করে দিল দিল্লী – সেই প্রশ্ন তাই করাই যায়!

Share via
Copy link