হোয়াইট-ওয়াশের লজ্জা পেল লিটনরা!

আরও একটা দিন, বাংলাদেশের আরও একটা মলিন পারফরম্যান্স। ব্যাটারদের ব্যর্থতা, বোলারদের অসহায়ত্ব ফলাফল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা।

আরও একটা দিন, বাংলাদেশের আরও একটা মলিন পারফরম্যান্স। ব্যাটারদের ব্যর্থতা, বোলারদের অসহায়ত্ব, ফলাফল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা।

টসে জিতে ব্যাটিং নিল বাংলাদেশ, ওপেনিংয়ে ফিরলেন পারভেজ হোসেন ইমন। তবে লাভের খাতায় কেবলই শূন্য। নয় রানে ফিরতে হলো তাঁকে। লিটন দাসও পারলেন না ইনিংস বড় করতে।

সাইফ হাসানকে সঙ্গে নিয়ে লেগে পড়েন তানজিদ তামিম। তবে সাইফ আত্মবিশ্বাসহীন ইনিংস খেলে সাজঘরে ফিরলেন ২২ বলে ২৩ রান করে। তামিম একপ্রান্তে দেখলেন বাকিদের আসা-যাওয়া। তাই তো কাঁধে তুলে নিলেন দায়িত্বটা। নিসঙ্গ লড়াই চালিয়ে গেলেন একপ্রান্তে। ফিফটি পেরিয়ে সেঞ্চুরির সম্ভাবনা তখন উঁকি দিচ্ছিল। তবে শেষটাতে থামতে হলো ৮৯ রানের অনবদ্য ইনিংস শেষে। বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল ১৫১ রান।

অল্প রানের পুঁজি নিয়ে জিততে হলে বিশেষ কিছু করতে হয়। তবে সে কথা দূরে থাক, বাংলাদেশ কিছুই করার চেষ্টা করেনি। অবশ্য বোলাররা সুযোগ তৈরি করে দিয়েছিল ঠিকই, তবে ফিল্ডারদের ভুলে কোন সুযোগই লুফে নিতে পারেনি বাংলাদেশ। যে আমির জাঙ্গু ফিরতে পারতেন ১ রানে, তিনি যোগ করেছেন ৩৪।

৫২ রানে উইন্ডিজের তিন ব্যাটারকে ফেরালেও আর সুবিধা করে উঠতে পারেনি বোলাররা। রস্টন চেজ এবং আকিম অগাস্তের জোড়া ফিফটিতে ম্যাচ হয়ে যায় হাতছাড়া। পাঁচ উইকেট হাতে রেখেই ৩-০ তে সিরিজ জিতে নেয় ক্যারিবিয়ানরা।

বাংলাদেশের এখন সর্ব অঙ্গে ব্যথা, সারানোর কোন উপায় কোথাও পাওয়া যাচ্ছে না। ব্যাটাররা পর্যাপ্ত রান স্কোরবোর্ডে তুলতে পারছেন না, ফিল্ডারদের অলসতা, বোলাররাও তাই নিরুপায়। সব মিলিয়ে একটা হ-য-ব-র-ল অবস্থা। এর শেষ আসলে কোথায়? উত্তরটা অজানা।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link