মুশফিকের অনন্য রেকর্ডের জন্য অপেক্ষা করেনি বাংলাদেশ!

নিজের শততম টেস্টকে যতটুকু রাঙিয়ে রাখা সম্ভব, তার সমস্তটুকুই করেছেন মুশফিকুর রহিম। তবে সুবর্ণ সুযোগ ছিল অনন্য ইতিহাসের সঙ্গী হওয়ার।

নিজের শততম টেস্টকে যতটুকু রাঙিয়ে রাখা সম্ভব, তার সমস্তটুকুই করেছেন মুশফিকুর রহিম। তবে সুবর্ণ সুযোগ ছিল অনন্য ইতিহাসের সঙ্গী হওয়ার। অন্যদিকে মুমিনুল হক প্রতিনিয়ত বাড়িয়ে যাচ্ছেন আক্ষেপ। এরপরও আয়ারল্যান্ডকে রানের পাহাড়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ। ৫০৮ রানের টার্গেট টপকানো যে প্রায় অসম্ভব।

নিজের শততম টেস্টের প্রথম ইনিংসে শতক হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম। একেবারে ১০০ তে ১০০ পারফরমেন্সকে তিনি, ৯৯ও হতে দিলেন না। দ্বিতীয় ইনিংসে আবার তুলে নিয়েছেন অর্ধশতক। তার সামনে সুযোগ ছিল ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে টুইন সেঞ্চুরি করার। এর আগে স্রেফ অস্ট্রেলিয়ান রিকি পন্টিং গড়তে পেরেছিলেন এমন রেকর্ড।

কিন্তু বাংলাদেশ দল সেই সময় পর্যন্ত অপেক্ষা করেনি। কেননা মুশফিকের সেঞ্চুরির অপেক্ষা করতে হলে, আরও একটি সেশন বাংলাদেশকে ব্যাটিং করতে হতো। তাতে করে ম্যাচ জয়ের জন্য পর্যাপ্ত সময় হয়ত পাওয়া যেত না। তাইতো মুনিনুলের বিদায়ের পরই ইনিংস ঘোষণা করে দেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মুশফিক নিজেও জানতেন, ব্যক্তি স্বার্থের চাইতেও দলের স্বার্থ সবার উপরে। সে কারণেই ৫০ রানেই তিনি থাকতে চেয়েছেন সন্তুষ্ট। তবে রানের ধারায় তিনি রেকর্ডের চিন্তাকে প্রবেশ করতে দেননি। প্রত্যাশামাফিক তিনি দলের জন্য রান তুলে গেছেন। ক্যারিয়ারের সায়াহ্নে এসেও প্রত্যাশা ঠিকই পূরণ করছেন মুশফিক। কিন্তু মুমিনুল যেন প্রতিনিয়ত হতাশ করে যাচ্ছেন।

দীর্ঘ সময় ধরে সেঞ্চুরি খরায় ভুগছেন মুমিনুল। আয়ারল্যান্ডের বিপক্ষে একটানা তিন ইনিংসে অর্ধশত ছাড়িয়েছে তার ব্যক্তিগত সংগ্রহ। দু’টো ইনিংসে তো তিনি আউট হয়েছেন ৮০ রানের ঘরে। এই পুরো বছরজুড়ে, প্রতিটা ইনিংসেই তিনি শুরু পেয়েও, ইনিংসকে বড় করতে পারেননি। তার সেঞ্চুরির জন্য, বাংলাদেশ দলও এদিন অপেক্ষা করেছে। কিন্তু তিনি হতাশার ধূসরতাই কেবল বাড়িয়েছেন।

তবুও বড় সংগ্রহের পুঁজি, বাংলাদেশের আরও একটি টেস্ট জয়ের মঞ্চ প্রস্তুত করে দিয়েছে। এখন স্পিনারদের উপর ভর দিয়ে দ্রুততম সময়ে ম্যাচটি জিততে চাইবে বাংলাদেশ।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link