বয়স কম, রক্ত গরম- তিন ফরম্যাটেই সেঞ্চুরি কথন

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকানো মোটেই চাট্টেখানি কথা নয়। এখন অবধি এই তালিকায় নাম উঠেছে কেবল ৩২ জনের।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকানো মোটেই চাট্টেখানি কথা নয়। এখন অবধি এই তালিকায় নাম উঠেছে কেবল ৩২ জনের। আর ৩২তম নামটি হলেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল।

২৩ বছর ৩৪৩ দিন বয়সী এই ক্রিকেটার ৫ম সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই তালিকায় রয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের আলাদা করে তালিকা করলে শুভমান গিল এবং সুরেশ রায়নার পরেই আসবে জয়সওয়ালের নাম।

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকিয়েছেন কেবল তামিম ইকবালই। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে স্মরণীয় সেঞ্চুরির মধ্য দিয়ে ২৬ বছর ৩৫৯ দিন বয়সে তিনি এ রেকর্ড গড়েন।

  •  যশস্বী জয়সওয়াল

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার শেষ ওয়ানডে ম্যাচে নিজের চতুর্থ ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিলেন যশ্বসী জয়সওয়াল। ১১৬ রানের এক নিপুণ ইনিংস খেলেন বা-হাতি এই ব্যাটার। সেই সূত্রেই ২৩ বছর ৩৪৩ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করার এলিট ক্লাবে প্রবেশ করেন তিনি।

  • সুরেশ রায়না

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমে মাত্র ৫০ বলে ১০১ রানের এক ঐতিহাসিক ইনিংস খেলেন রায়না। এছাড়াও লাল বলের ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকান তিনি। ২৩ বছর ২৪১ দিন বয়সে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করার রেকর্ড গড়েন সুরেশ রায়না।

  •  শুভমান গিল

অবাক করা ব্যাপার হলেও তালিকার তিন নম্বরটাও আরেকজন ভারতীয় ক্রিকেটাররের দখলেই। সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্যতম ধারাবাহিক ব্যাটার শুভমান গিল। তিন ফরম্যাটেই তিনি রাখছেন তাঁর ধারাবাহিকতার ছাপ। মাত্র ২৩ বছর ১৪৩ দিন বয়সে তিন ফরম্যাটে সেঞ্চুরি করা খেলোয়াড়দের তালিকায় নাম লেখান এই ভারতীয় ক্যাপ্টেন।

  •  আহমেদ শেহজাদ 

ক্যারিয়ারের শুরুতেই তিন ফরম্যাটে ধারাবাহিকতার পরিচয় দিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদ। মাত্র ২২ বছর ১২৭ দিন বয়সেই তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকান তিনি। দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে তিনি রয়েছেন মর্যাদার এই তালিকায়।

  • ব্রায়ান বেনেট

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকানো সর্বকনিষ্ঠ খেলোয়াড় ব্রায়ান বেনেট। টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে তানজানিয়ার বিপক্ষে ৬০ বলে ১১১, ট্রেন্ট ব্রীজে ইংল্যান্ডের বিপক্ষে লাল বলে ১৩৯ এবং ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন বেনেট। যার সুবাদে মাত্র ২১ বছর ১২৪ দিনে তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকানোর অনন্য রেকর্ড গড়েন তিনি।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link