একটি সফল অধ্যায়ের পরিসমাপ্তি মানেই নতুন অধ্যায়ের অনিশ্চিত সূচনা। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রেও ঘটেছে তেমনই। মাহেলা জয়াবর্ধনের বিদায়ে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের ডাগআউটে তৈরি হয়েছে শূন্যতা। সেই শূন্যতার বিপরীতে ঘুরে বেড়াচ্ছে কেবলই একটা প্রশ্ন! কে হবেন মুম্বাইয়ের পরবর্তী সেনাপতি?
জয়াবর্ধনের অধীনে ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএলের শিরোপা জিতেছিল মুম্বাই। দুই দফায় দায়িত্ব পালন করে ফ্র্যাঞ্চাইজিটির সাফল্যগাথায় নিজের নাম অম্লান করে রেখেছেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। তাঁর প্রস্থানে তাই অবসান হয়েছে মুম্বাইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়েরও।
উত্তরসূরি হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও আপাতত সেই দৌড়ের বাইরে রাহুল দ্রাবিড়। পরিবার ও দুই ছেলে সমিত এবং অন্বয়ের ক্যারিয়ারে মনোনিবেশ করতে চান ভারতের সাবেক এই প্রধান কোচ। ফলে অন্তত আগামী মৌসুমে আইপিএলে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বলাই চলে! একইভাবে অ্যাডাম গিলক্রিস্ট ও ইয়ন মরগানও আপাতত বিবেচনায় নেই।

সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় এখন আলোচিত নাম মাইক হাসি, অ্যারন ফিঞ্চ ও অ্যাড্রিয়ান বিরেল। চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর হাসির আইপিএলে নতুন অধ্যায় শুরুর সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, সানরাইজার্স ইস্টার্ন কেপকে চার মৌসুমে তিনটি শিরোপা এনে দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের কোচিং দক্ষতার স্বাক্ষর রেখেছেন বিরেল। তবে মুম্বাইয়ের দায়িত্ব নিতে তিনি আগ্রহী কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।
নতুন কোচের নিয়োগের সঙ্গে জড়িয়ে আছে বিদ্যমান কোচিং কাঠামোর ভবিষ্যৎও। লাসিথ মালিঙ্গা, পরশ মামব্রে, কাইবেন পোলার্ড ও কার্ল হপকিনসনের মতো পরিচিত মুখদের ভাগ্য নির্ধারিত হতে পারে নতুন প্রধান কোচের পরিকল্পনায়।

মাহেলার রেখে যাওয়া উত্তরাধিকার বহন করা সহজ হবে না মোটেও। তা চোখ বন্ধ করেই বলা যায়। সাফল্যের ধারাবাহিকতা রক্ষা, তারকাসমৃদ্ধ দলকে ঐক্যবদ্ধ রাখা এবং শিরোপার প্রত্যাশা পূরণের গুরুদায়িত্ব বর্তাবে নতুন কোচের কাঁধে। সম্ভাব্য নামের তালিকা দীর্ঘ হলেও মুম্বাইয়ের মসনদে শেষ পর্যন্ত কে আসীন হবেন, সেই উত্তর আপাতত সময়ের গর্ভেই।











