এক ওভারে ১৩ টা বল করলেন আর্শদ্বীপ সিং। গড়লেন বিরল এক রেকর্ড। টি-টোয়েন্টির আন্তর্জাতিক ময়দানে এটা এক ওভারে সবচেয়ে বেশি ডেলিভারি করার নজীর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চন্ড্রিগড়ে ইনিংসের ১১ তম ওভারে এই বিস্ময়কর কীর্তি গড়েন এই বাঁ-হাতি।
এই ১৩ ডেলিভারির মধ্যে সাতটা ওয়াইডই করেন ভারতের এই পেসার। সেই ওভারে রান গুনেন ১৮ টি। মানে, ওয়াইড বাদে বাকি ছয়টি ডেলিভারি থেকেও ১১ টি রান দিয়েছেন আর্শদ্বীপ।

টি-টোয়েন্টি ক্রিকেট তো বটেই, সব রকম আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ভারতের হয়ে এক ওভারে এতগুলো ডেলিভারি এর আগে কেউ করেননি। তিনি ছাড়িয়ে গিয়েছেন খলিল আহমেদ আর হার্দিক পান্ডিয়াকে।
খলিল ২০২১ সালে পালেকেল্লেতে ১১ ডেলিভারির এক ওভার করেন। এর পাঁচ বছর আগে অ্যাডিলেডে হার্দিক পান্ডিয়াও ১১ ডেলিভারির ওভার করেছিলেন।

টি-টোয়েন্টিতে আর্শদ্বীপ ছাড়িয়ে গেছেন সবাইকেই। অবশ্য ‘সর্বোচ্চ’ ডেলিভারির এই রেকর্ড তাঁর সাথে আছেন আফগানিস্তানের নাভিন উল হক। তিনি ১৩ বলের ওভার করেছিলেন, ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২১ সালে ১২ বলের এক ওভার করেছিলেন দক্ষিণ আফ্রিকার সিসান্ডা মাগালা, পাকিস্তানের বিপক্ষে।










