ফুটবল পায়ে আগুনের গোলা ছিলেন ওসমান ডেম্বেলে। গত মৌসুমে তার দুর্বার গতির ছুটে চলার আরও এক পুরষ্কার পেলেন ফরাসি তারকা। ফিফা দ্য বেস্ট পুরষ্কারের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। ব্যালন ডি’অরের পর দূর্দান্ত সময়ের আরও এক স্বীকৃতি।
বার্সেলোনায় থাকতে ওসমান ডেম্বেলের অধিকাংশ সময় কেটেছে ইনজুরির সাথে লড়াই করতে করতে। নেইমার জুনিয়ারের জায়গায় তাকে দেখেছিল ব্লাউগ্রানারা। কিন্তু নেইমার হয়ে ওঠা হয়নি তার, এমনকি নিজের সত্ত্বারও পূর্ণ বিকাশ ঘটাতেও পারেননি ওসমান ডেম্বেলে।
কিন্তু প্যারিসে ফিরে তিনি যেন বনে গেলেন এক দুর্নিবার শক্তি, অপ্রতিরোধ্য এক চরিত্র। লুই এনরিকের সাথে জুটি বেঁধে তিনি অসাধ্য সাধন করে দেখালেন। প্যারিস সেইন্ট জার্মেইকে জেতালেন পরম আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। সেই সাথে ফ্রান্সের ঘরোয়া লিগ ট্রফি সহ, ট্রেবল জিতল পিএসজি।

লুই এনরিকের নামের পাশে আরও এক ট্রেবল জয়ের ইতিহাস লেখার অন্যতম কারিগর ছিলেন ওসমান ডেম্বেলে। পিএসজির জার্সি গায়ে ৫১ গোলের সরাসরি অবদান রেখেছেন ডেম্বেলে। ৩৫ খানা গোল নিজে করেছিলেন আর ১৬ খানা গোল করতে সতীর্থদের সহয়তা করেছেন। সংখ্যার হিসেবের বাইরে তিনি ছিলেন এনরিকের তুরুপের তাস।
অন্যদিকে ফিফার দ্য বেস্ট পুরষ্কার পেয়েছেন স্প্যানিশ নারী ফুটবলার আইতানা বনমাতি। স্পেন ও বার্সেলোনার হয়ে দুর্ধর্ষ সময় কাটিয়েছেন তিনিও। নারী ইউরো জিতেছেন, জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও। এবারের ফ্রান্স ফুটবল প্রদত্ত ব্যালন ডি’অরও জিতেছেন স্প্যানিশ এই তারকা ফুটবলার। সেই ধারাহিকতায় ফিফার কাছ থেকেও অসাধারণ মৌসুম কাটানোর স্বীকৃতি পেলেন বনমাতি।
গেল মৌসুমে বার্সেলোনার হয়ে ৩৭ ম্যাচে ১৫ গোল নিজে করেছেন, পাশাপাশি ১১টি গোলের জোগানদাতা ছিলেন বনমাতি। অন্যদিকে নারী ইউরোতে ছয় ম্যাচে গোলে সরাসরি অবদান রেখেছিলেন দুইবার। এছাড়া স্পেনের শিরোপা জয়ের পথে দারুণ কার্যকর ভূমিকা রেখেছিলেন আনতানা বনমাতি।












