বিসিএল ওয়ানডে- বোর্ড পরীক্ষার আগে বাংলাদেশের ক্লাসটেস্ট

রাজশাহী ও বগুড়ার স্পোর্টিং উইকেটে আয়োজিত হচ্ছে টুর্নামেন্ট ওই বিশ্বকাপের ভাবনা মাথায় রেখেই। এখন দেখবার পালা সফলতা এসে ধরা দেয় কি-না।

চার দলে ৫৯ জন খেলোয়াড়। দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেছে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের। মূলত জাতীয় দল ও পাইপলাইনে থাকা খেলোয়াড়রা পেয়েছেন সুযোগ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগাম প্রস্তুতি হিসেবেই অনুষ্ঠিত হবে চার দলীয় এই ঘরোয়া টুর্নামেন্ট।

চার দলের এই টুর্নামেন্ট শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে। ২৮ তারিখ পর্যন্ত চলবে রাউন্ড রবিন লিগের ছয় ম্যাচ। এরপর টেবিলের শীর্ষে থাকা দুই দলকে নিয়ে ২ মার্চ। মিরপুরে হবে সেই ম্যাচ। এই আয়োজনের আড়ালে রয়েছে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের ভাবনা। যে ভাবনার যাত্রা শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে।

প্রায় চার মাস ধরে বাংলাদেশের ক্রিকেটাররা খেলেন না ওয়ানডে। সর্বশেষ সিরিজটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অক্টোবরে। সেই দীর্ঘ বিরতি কাটিয়ে জাতীয় দলের খেলোয়াড়রা যেন পাকিস্তানের সামনে মুখ থুবড়ে না পড়েন সে উদ্দেশ্য নিয়েই বিসিএল ওয়ানডের আয়োজন। কেননা সামনের দিনগুলোতে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

এই মুহূর্তে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান দশ নম্বরে। অথচ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হলে, নিদেনপক্ষে সেরা আটে থাকতে হবে ৩১ মার্চ ২০২৭ তারিখের মধ্যে। এই সময়ে বাংলাদেশ বেশ শক্ত প্রতিপক্ষদের বিপক্ষেই খেলবে ওয়ানডে সিরিজ।

পাকিস্তানের পর, নিউজিল্যান্ড। এরপর অস্ট্রেলিয়াকে আতিথিয়েতা দেবে বাংলাদেশ। তারপর জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে হবে পাঁচটি ওয়ানডে। আয়ারল্যান্ড ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশকে খেলতে হবে তিনটি ওয়ানডে ম্যাচ। আইসিসির সূচি অনুযায়ী, আসন্ন ছয়টি ওয়ানডে সিরিজের মধ্যে চারটিতেই বাংলাদেশকে খেলতে হবে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে।

তাইতো বিসিএল আবারও খেলোয়াড়দের ওয়ানডের বলয়ে ঢোকানোর এক প্রয়াশ। এছাড়াও জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই সহজ করা, পাইপলাইনে খেলোয়াড় তৈরি রাখার ভাবনা থেকেই আয়োজিত হচ্ছে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট। রাজশাহী ও বগুড়ার স্পোর্টিং উইকেটে আয়োজিত হচ্ছে টুর্নামেন্ট ওই বিশ্বকাপের ভাবনা মাথায় রেখেই। এখন দেখবার পালা সফলতা এসে ধরা দেয় কি-না।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link