তানজিদ তামিমের প্রথম, পেশওয়ারে তৃতীয় বাংলাদেশি

এবার পেশওয়ার জালমির ডেরায় যুক্ত হচ্ছেন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম। প্রথমবারের মত বিদেশি কোন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে চলেছেন টাইগার এই ওপেনার।

পাঁচ থেকে ছয়। বাংলাদেশের আরও এক প্রতিনিধি খেলতে চলেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এবার পেশওয়ার জালমির ডেরায় যুক্ত হচ্ছেন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম। প্রথমবারের মত বিদেশি কোন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে চলেছেন টাইগার এই ওপেনার।

তিনি যুক্ত হচ্ছে তারই দুই জাতীয় দলের সতীর্থের সাথে। তার আগে নিলাম থেকে পেশওয়ার জালমি দলে নিয়েছিল নাহিদ রানাকে। তারপর শরিফুল ইসলামকে সরাসরি চুক্তি ভুক্ত করে দলটি। এরপর তৃতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে তামিম এখন জালমির হয়ে খেলতে চলেছেন একাদশ পিএসএল।

তিনি অবশ্য পিএসএল নিলামে নিজের নামটি নথিভুক্ত করেছিলেন। কিন্তু নিলামে তার প্রতি আগ্রহ প্রকাশ করেনি কোন দল। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে, জালমি নিজেদের প্রয়োজন অনুভব করে একজন বিদেশি টপ অর্ডার ব্যাটারকে অন্তর্ভুক্ত করেছে। সে পছন্দের তালিকায় তামিম স্থান পেয়েছেন নিজের পারফরমেন্সের কারণে।

ধারাবাহিকভাবে তানজিদ হাসান তামিম পারফরম করে যাচ্ছেন সব ফরম্যাটেই। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে তিনি একাই যেন পাকিস্তানের পরাজয়ের কারিগর বনে গিয়েছিলেন। সিরিজ নির্ধারনী তৃতীয় ম্যাচে তার সেঞ্চুরিতেই পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। তাছাড়া গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদশের পক্ষে সর্বাধিক রান করার রেকর্ডটাও রয়েছে তার দখলে।

তাকে নিলাম থেকে ক্রয় করতে না চাওয়াটা ছিল খানিকটা বিস্ময়ক। তবে বিস্ময়ের ধুম্রজাল চিড়ে সূর্যের তীব্র আলো হয়েই তামিম জ্বলে উঠবেন পিএসএল মঞ্চে, তেমনটাই তো প্রত্যাশিত। যদিও মাঝপথে তাকে আবার ফিরতে হবে দেশে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য।

তবে টি-টোয়েন্টি সিরিজে ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। অতএব খুব বেশি সময় তিনি হয়ত পাবেন না নিজের সামর্থ্যের প্রমাণ রাখার। সে কারণেই যদিও বা স্বল্প সুযোগ মেলে, তবে তার শতভাগ কাজে লাগাতে নিশ্চয়ই চাইবেন তরুণ এই ব্যাটার।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link