শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে গুজরাট টাইটান্স

শুভমান গিল দলের নেতৃত্ব হাতে নেওয়ার পর সর্বশেষ দুই আসরে নিজেদের আশানুরূপ ফলাফল প্রদর্শন করতে পারেনি গুজরাট। কেমন দল গড়েছে এবার?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে এসে ২০২২ সালে নিজেদের প্রথম আসরেই বিজয়ীর শিরোপা ঘরে তুলেছিল গুজরাট টাইটান্স। পরের বছরও ফলাফলের একই ধারাবাহিকতা বজায় রেখে নাম লিখিয়েছিল ফাইনালে। কিন্তু, চেন্নাই সুপার কিংসের কারণে সেবার জিততে পারেনি দলটি।

শুভমান গিল দলের নেতৃত্ব হাতে নেওয়ার পর সর্বশেষ দুই আসরে নিজেদের আশানুরূপ ফলাফল প্রদর্শন করতে পারেনি গুজরাট। ২০২৫ সালের আসরে প্লে-অফে খেললেও শিরোপার মুখ দেখা হয়নি। এবার তাই নতুন উদ্দ্যমে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নামবে তারা। কেমন দল গড়েছে? শক্তি কেমন আর কেমনই বা তাদের দুর্বলতা? শিরোপার দাবিদারদের তালিকায় কি তাদেরকে রাখা যাবে চলুন দেখে নেওয়া যাক।

গুজরাটের টপ-অর্ডার এবারে সকল দলের মধ্যে অন্যতম শক্তিশালী। অধিনায়ক গুভমন গিলের সাথে সাই সুদর্শন আর ইংল্যান্ডকে টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া জস বাটলার। এদের প্রত্যেকের শক্তি আছে একাই নিজের দলের জন্য বড় সংগ্রহ এনে দেওয়ার। রান তাড়ায় এদের মধ্যে যে কেউই এক প্রান্ত আগলে রাখতে পারবেন সহজেই।

তাছাড়া, এই তিনজনের আইপিএলের ফর্ম বেশ ভালো। সাই সুদর্শন ছিলেন গত আসরের সর্বাচ্চ রান সংগ্রহকারি। আবার, শেষদিকে এসে শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়ার সাথে রশিদ খানদেরর আক্রমণাত্বক ব্যাটিং যেকোনো বোলিং লাইনআপের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। গুজরাটের স্পিন আক্রমণও বেশ শক্তিশালী।

টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল লেগ-স্পিনার রশিদ খানের সাথে গতবার দারুণ এক আইপিএলে কাটানো সাই কিশোর প্রতিপক্ষকে চাপে রাখবেন। হাত ঘুরানোর জন্য তাদের সাথে আছেন ওয়াশিংটন সুন্দরও । আলাদা করে নাম নিতে হবে গুজরাটের পেসারদের। মোহাম্মদ সিরাজের সাথে কাগিসো রাবাদার মতো অভিজ্ঞ বোলার। এদের সাথে যুক্ত আছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ভুলে গেলে চলবে না দুই দীর্ঘদেহী জেসন হোল্ডার আর ঈশান্ত শর্মার কথা।

ব্যাটিং-বোলিং সকল দিক বিবেচনায় নিলে কোচ আশিষ নেহরা যে বেশ ভালো দল বানিয়েছেন তা স্বীকার করতেই হবে। তবে, কখনো কখনো তাদের মিডল অর্ডারে ভোগাতে পারে দলটিকে। এজন্য, গিলদেরকে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে উপরের দিকে। আর, শেষে এসে রাহুল তেওয়াতিয়াদেরকে তুলতে হবে রানের ঝড়। দলে এমন অনেক বোলার আছেন যারা কম রান হজম করে তুলে ফেলতে পারবেন উইকেট।

উল্লেখ করতে হবে গুজরাট টাইটান্সের ফিল্ডিংয়ের কথাও। সুপারম্যানের মতো উড়ে ক্যাচ ধরতে পারদর্শী গ্লেন ফিলিপসের নাগালের বাইরে কিভাবে বল রাখা যায় তার জন্য আলাদা করে পরিকল্পনা করে মাঠে নামবেন অন্য দলের ব্যাটাররা।

সামগ্রিক দিক বিবেচনায় নিলে গুজরাট টাইটান্স বেশ শক্তিশালী একটি দল। নিজেদের স্কোয়াডের শক্তিমত্তা যদি তারা ঠিকমতো করে মাঠে প্রদর্শন করতে পারে তবে প্লে-অফে খেলা যে খুব বেশি কঠিন হবে এমন বলা যায় না। আশীষ নেহরার কোচিংয়ে শুভমন গিলের হাতে থাকা এই দলটি কী করতে পারে সেই দিকেই এখন তাকিয়ে থাকবেন দর্শকেরা।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link