আইপিএলের শুরুতে থাকছেন না ধোনি

ক্রিকেট আঙিনায় যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বসন্ত বাতাস বইতে শুরু করেছে, ঠিক তখনই চেন্নাই সুপার কিংসের সমর্থকদের জন্যে এলো এক দু:সংবাদ। যে মানুষটাকে দেখা জন্য ক্রিকেট বিশ্বের বৃহৎ একটা অংশ গোটা একটা বছর অপেক্ষা করেন, তার মাঠে নামাকে ঘিরেই এখন তৈরি হয়েছে শঙ্কা।

ক্রিকেট আঙিনায় যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বসন্ত বাতাস বইতে শুরু করেছে, ঠিক তখনই চেন্নাই সুপার কিংসের সমর্থকদের জন্যে এলো এক দু:সংবাদ। যে মানুষটাকে দেখা জন্য ক্রিকেট বিশ্বের বৃহৎ একটা অংশ গোটা একটা বছর অপেক্ষা করেন, তার মাঠে নামাকে ঘিরেই এখন তৈরি হয়েছে শঙ্কা। চোটের কারণে আইপিএলের শুরুর দিকে নামতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি।

সিএসকের সর্বজয়ী এই প্রাক্তন অধিনায়ক টুর্নামেন্টের শুরুর দুই সপ্তাহের জন্য অনিশ্চিত। ফ্র্যাঞ্চাইজি সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে, তিনি এই মুহূর্তে মাঠে নামার মতো ফিট নন। নিশ্চিতভাবেই তাই ধোনিকে ঘিরে চেন্নাই ভক্তদের যে উন্মাদনা, শুরুর দুই সপ্তাহ অর্থাৎ প্রায় চারটি ম্যাচের জন্যে সেই উন্মাদনায় যেন ভাটা পড়ল।

সিএসকের অফিসিয়াল বিবৃতি জানাচ্ছে, ধোনি বর্তমানে একটি ‘কাফ স্ট্রেন’ বা পায়ের পেশির টানে ভুগছেন। পেশাদার খেলোয়াড়দের জন্য এটি একটি সাধারণ, কিন্তু বেদনাদায়ক সমস্যা, যার জন্য নিবিড় পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন অপরিহার্য। তাই আপাতত খেলা থেকে দূরে থেকে ধোনিকে সুস্থ হওয়ার প্রক্রিয়া চালিয়ে যেতে হচ্ছে।

ধোনির অনুপস্থিতিতে উইকেটের পিছনে গ্লাভস হাতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন সাঞ্জু স্যামসন। দলের ভারসাম্য বজায় রাখা সাঞ্জুর জন্য নি:সন্দেহে এক বড় চ্যালেঞ্জ হবে। ধোনির মতো ক্রিকেট মস্তিষ্কের শূন্যতা হয়তো সরাসরি পূরণ করা সম্ভব নয়, তবে সাঞ্জুর অভিজ্ঞতা এই কঠিন সময়ে দলকে কিছুটা স্বস্তি দিতে পারে।

চেন্নাইয়ের প্রেক্ষাপটে শেষ পর্যন্ত জয় বা হার যেন বড় কথা নয়, সমর্থকদের কাছে ধোনির উপস্থিতিই এক বিশাল উৎসব। এখন দেখার বিষয়, পুনর্বাসন শেষে ‘ক্যাপ্টেন কুল’ কবে নাগাদ স্বমহিমায় মাঠে ফেরেন। চেন্নাইয়ের ডাগআউট থেকে গ্লাভস ঠিক করতে করতে ধোনির ব্যাট হাতে নেমে আসার সেই মুহূর্তটির প্রতীক্ষায় এখন গোটা ক্রিকেট বিশ্ব।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link