প্রতি চার বছর পর পর হওয়া ফুটবল বিশ্বকাপকে ধরা হয় ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ হিসেবে। আর, এর ফাইনাল নিয়ে মানুষের আগ্রহ থাকে আলাদা করেই। সেই ফাইনালের টিকিটের দাম এখন সর্বোচ্চ ১০,৯৯০ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৩ লাখ ৪৫ হাজার টাকা।
জুন-জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো মিলিয়ে হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। পূর্বের আসরগুলোতে যেখানে দল থাকতো ৩২টি, সেখানে এবার তা বৃদ্ধি পেয়ে ৪৮ স্পর্শ করেছে। একই সাথে আকর্ষণও তাই বেড়েছে আগের চেয়ে অনেকখানি।
কিন্তু, টিকিটের এমন দাম দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। আয়োজক দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছিল ফাইনাল দেখতে হলে সর্বোচ্চ খরচ করা লাগবে ১,৫৫০ ডলার। কিন্তু, এখন দেখা যাচ্ছে যে দাম বেড়ে গেছে সাত গুণ।

এবারের বিশ্বকাপে অংশ নেওয়া সকল দেশের অফিশিয়াল সমর্থকদের জন্য ডিসেম্বরে টিকিট বাজারে ছাড়ে ফিফা। তখন সর্বোচ্চ দাম ছিল সাড়ে ১০ লাখ টাকার কিছু বেশি। কিন্তু, সাধারণ দর্শকদের জন্য টিকিট আসতেই বোঝা গেল পকেট থেকে খসাতে হবে আরও বেশি।
নিঃসন্দেহে ফুটবলই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। প্রতিটি বিশ্বকাপই দেখেন নানা দেশের নানা প্রান্তের লক্ষ-কোটি মানুষ। মাঠে বসে দেখার আগ্রহও তাদের মধ্যে থাকে অফুরন্ত। কিন্তু, এবার সেই জায়গাতেই কপালে ভাঁজ পড়লো ফুটবলপ্রেমীদের।
মাঠে বসে খেলা দেখার জন্য এত বেশি অর্থ জোগানো সোজা কথা নয়। তাই তো ফিফার এমন মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে দর্শকদের কাছে মনে হচ্ছে বিশ্বাসঘাতকার সমান।











