প্রস্তুতি পর্ব শেষ, সময় এখন মাঠে প্রতিপক্ষের মোকাবিলা করার। আনকোরা নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে ফেবারিট বাংলাদেশই, তবে পঁচা শামুকে পা কাটলেই বিপদ। প্রশ্নটা তাই, কিউইদের বিপক্ষে কোন কৌশলে হাঁটবে বাংলাদেশ? একাদশটাই বা কেমন হবে?
ওপেনিং নিয়ে একটা জটিল প্রশ্ন ডালপালা মেলেছে? সর্বশেষ পাকিস্তান সিরিজে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসানের উপরই দায়িত্ব দেওয়া হয়েছিল ইনিংস সূচনা করার। এবারও কি সেটাই থাকবে? সৌম্য সরকার বেঞ্চে বসেই কি সময় কাটাবেন?
তামিমকে নিয়ে কোন সন্দেহের অবকাশ না থাকলেও সাইফ মোটাদাগে ব্যর্থই ছিলেন আগের সিরিজে। তাই তো সৌম্যের সামনে এক চিলতে আলো এসে পড়েছিল। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রথম দুই ম্যাচে অন্তত সে সুযোগ নেই।

তিনে যথারীতি নাজমুল হোসেন শান্ত। এবারও মিডল অর্ডারের গুরুদায়িত্ব থাকবে লিটন দাসের উপর, সঙ্গী হিসেবে তিনি পাবেন তাওহীদ হৃদয় এবং আফিফ হোসেন ধ্রুবকে।
পেস আক্রমণের নেতৃত্ব থাকছে মুস্তাফিজুর রহমানের হাতে। তাঁর সাথে গতি দানব নাহিদ রানা এবং তাসকিন আহমেদ জুটি বাঁধবেন। আর স্পিনে মিরাজের সাথে রিশাদ হাত ঘোরাতে প্রস্তুত। অর্থাৎ তিন পেসার আর দুই স্পিনার নিয়েই রণকৌশল সাজাবে বাংলাদেশ। ব্যাকআপ হিসেবে সাইফ কিংবা শান্তকেও দেখা যেতে পারে আক্রমণে।
সবমিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।












