কিউরিয়াস কেস অব বিরাট কোহলি

আসলে বিরাট যন্ত্র নন, যন্ত্রেরও ক্ষয় হয়, বিকল হয়ে যায়, কিন্তু বিরাট কোহলি অক্ষয়, অবিচল। তিনি মাঠে নামেন, ব্যাট হাতে শাসন করেন। ম্যাচ জিতে তলোয়ার হাতে বের হয়ে আসেন, রাজের বেশে।

ক্রিকেট বিশ্বে বিরাট কোহলি খুব স্পেশাল একটা কেস। তিনি নির্মম, তিনি সুন্দর, তিনি যন্ত্রের মত ধারাবাহিক। তার ডেটাবেজে নিজস্ব একটা প্রোগ্রাম সেট করা আছে, রাখা আছে ম্যাচ উইনিং নকের নিজস্ব একটা টেমপ্লেট। সেটাতে খুব কমই যান্ত্রিক ত্রুটি ধরা পরে।

বিশ্বকাপের মঞ্চ, ভারতের জার্সি কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ, সব জায়গাতেই যন্ত্র সাদৃশ্যের এক কোহলির একরোখা ও বিরাট ব্যাটের জয়োধারা অব্যহত থাকে। এবারের আইপিএল তাঁর জন্য অন্যরকম, কারণ তিনি আর টি-টোয়েন্টির খেলোয়াড় নন। ভারতের টি-টোয়েন্টি পরিকল্পনায় তিনি নেই, গেল আসলে অধরা আইপিএলের শিরোপাও জিতে ফেলেছেন।

তিনি স্রেফ এখন খেলছেন মনের টানে। বিশ্বকাপ জিতে লিওনেল মেসি যেমন এখন ইন্টার মিয়ামিতে মনের আনন্দে বিস্ময় গড়েন নিত্য নতুন। বিরাট কোহলি কিংবা মেসিদের কোনো ক্লান্তি আসতে নেই। আসলে বিরাট যন্ত্র নন, যন্ত্রেরও ক্ষয় হয়, বিকল হয়ে যায়, কিন্তু বিরাট কোহলি অক্ষয়, অবিচল। তিনি মাঠে নামেন, ব্যাট হাতে শাসন করেন। ম্যাচ জিতে তলোয়ার হাতে বের হয়ে আসেন, রাজের বেশে।

বছরের পর বছর এই ম্যাজিক ধরে রাখা, এই আগ্রাসন টিকিয়ে রাখা পৃথিবীর ইতিহাসেই খুব বিরল। বিরাট এই বিরল প্রজাতির নেতা। চলমান আইপিএলের পাঁচ ইনিংসে দুইটা হাফ সেঞ্চুরি। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও হাফসেঞ্চুরি পেয়ে যেতে পারতেন, থেমেছেন মাত্র এক রান দূরে। কিন্তু, তিনি যে ঝড়ো শুরু এনে দিয়েছেন তাতে ম্যাচের ভাগ্য লেখা হয়ে গেছে আগেই।

Share via
Copy link