২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে ভার নিয়েছিলেন গুজরাট টাইটান্সের। সেখানে অবিশ্বাস্য দুই আসর। প্রথমবারেই চ্যাম্পিয়নের শিরোপা আর পরের বছর রানার্সআপ। কিন্তু, মন যেন ভরলো না। আরও বড় স্বপ্নের খোঁজে ফেরা পুরোনো দলে। আর এই ফেরাটা মনের মতো হচ্ছে না হার্দিক পান্ডিয়ার।
মুম্বাইকে পাঁচবার আইপিএল জিতিয়েছিলেন রোহিত শর্মা। দলের নামের যেন সমার্থক হয়ে উঠেছিলেন হিটম্যান। তবে, সব যাত্রার যেমন সমাপ্তি থাকে তেমনি রোহিতকেও নেতৃত্ব ছাড়তে হলো। ২০২৪ থেকে তাঁর জায়গা নেন হার্দিক।
প্রত্যাবর্তনের পর গত দুই আসর ভালো যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। শিরোপা তো দূরে থাক, সম্ভব হয়নি ফাইনালে যাওয়াও। হার্দিকের নেতৃত্বের তৃতীয় আসরটিও এখন পর্যন্ত ভালো যায়নি দলটির। পাঁচ ম্যাচের মধ্যে পরাজয় চারটিতেই।

স্কোয়াডে বড় বড় সব নাম। কিন্তু, এতসবের মধ্যেও মুম্বাইকে পতনের মুখ থেকে সরিয়ে আনা যাচ্ছে না এখনো। তাই তো, সাবেক ভারতীয় ব্যাটার মনোজ তিওয়ারি হার্দিকের নেতৃত্বের সমালোচনা করেছেন।
মনোজ বলেন, “হার্দিকের যেভাবে দলকে নেতৃত্ব দেওয়া উচিত সেভাবে সে দিতে পারছে না। এই জায়গায় সমাধান হলো হার্দিকের অধিনায়কত্ব থেকে সরে আসা এবং পুনরায় দলের ভার রোহিতের কাছে তুলে দেওয়া।” মনোজের মতে, রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা ছিল অন্যায়।
দুই আসরে পারেননি, এবারেও খুব ভালো কিছু দলকে এনে দিতে পারবেন এমন মনে হয় না। যে স্বপ্ন নিয়ে এসেছিলেন সেটার থেকে দূর হতে আরও দূরে চলে যাচ্ছেন দল নিয়ে। এমন অবস্থায় হার্দিক নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেবেন কিনা সেটা কেবল বলতে পারে সময়।











