একসময় ডাগআউটে ফেরার মিছিলে তাঁর নাম থাকতো অবধারিতভাবে। সেই নাজমুল হোসেন শান্ত আজ বদলে গেছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রাজমুকুটে সবচেয়ে উজ্জ্বল রত্নদের একজন তিনি। ব্যাট হাতে প্রতিটি ইনিংস যেন নীরবে তার হয়ে কথা বলছে।
২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শান্তর পরিসংখ্যান কেবল চোখ ধাঁধানো নয়, রীতিমতো অবিশ্বাস্য। অন্তত ৪৫০ রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে শান্তর গড় এখন সবার উপরে, যা বর্তমানে ৯৭.৬০।
৯০.৪০ গড় নিয়ে তারপরেই অবস্থান নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের। অনেক ব্যবধান থাকলেও তৃতীয় স্থানে আছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিলের (৭৯.১৬) মতো বিশ্বখ্যাত তারকারা।

ক্রিজে শান্তর উপস্থিতি এখন ধৈর্য এবং সংকল্পের অন্য নাম। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিসংখ্যানে দেখা যায়, মাত্র তিনটি টেস্ট ম্যাচেই তিনি আদায় করে নিয়েছেন তিনটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি।
ছয়টি ইনিংসে মোট ৪৮৮ রান সংগ্রহ করতে তিনি মোকাবিলা করেছেন ৮৩৭টি বল। যা প্রমাণ করে উইকেটে কামড়ে পড়ে থাকার অদম্য মানসিকতা। এই পথচলায় তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৪৮ রানের। কেবল রক্ষণাত্মক দেয়াল নয়, প্রয়োজনে তিনি চাবুকের মতো শট খেলে আদায় করে নিয়েছেন ৪৪টি চার এবং সাতটি দর্শনীয় ছক্কা।
বাংলাদেশি ক্রিকেটে কোনো ব্যাটারকে নিয়ে নি:সন্দেহে এত ট্রল আর সমালোচনা আগে কখনো হয়নি। কিন্তু মাঠের পারফরম্যান্স সাক্ষ্য দেয়, শান্ত সেই নেতিবাচকতাকে জ্বালানি হিসেবে ব্যবহার করেছেন।

কেবল ব্যাক্তিগত পারফরম্যান্সই না। নেতৃত্বের গুরুভার কাঁধে নিয়ে দলকেও সাফল্যের নোঙরে ভাসাচ্ছেন তিনি। আয়ারল্যান্ড বধের পর পাকিস্তান সিরিজের শুরুটাও হলো জয় দিয়েই। আর এই জয়ে দুই ইনিংসে ১৮৮ রান করে ম্যাচ সেরাও হয়েছেন এই বাংলাদেশি সেনাপতি।











