আইপিএলে বিরাট কোহলির সাথে মাঠের ঝামেলার খেসারত এবার দিতে হচ্ছে অজি তারকা ট্রাভিস হেডের পরিবারকে। গত শুক্রবারের সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে এই দুই তারকার মধ্যে তীব্র বাক্যবিনিময় হয়। ওই ম্যাচে কোহলি ১৫ রানে আউট হন এবং তার দল ৫৫ রানে বড় ব্যবধানে হারে।
আসল বিতর্ক তৈরি হয় খেলা শেষের সৌজন্যমূলক হ্যান্ডশেকের সময়। ট্রাভিস হেড হাত বাড়ালেও কোহলি তাকে সম্পূর্ণ এড়িয়ে যান, অথচ বাকি সবার সাথে হাত মেলান ভারতের সাবেক এই অধিনায়ক। মাঠের এই দূরত্বের জের ধরেই কোহলি-ভক্তদের তীব্র ট্রল ও গালিগালাজের মুখে পড়েছেন হেডের স্ত্রী জেসিকা।
এই অনলাইন আক্রমণের তীব্রতা এতটাই বেশি যে তা হেডের বন্ধু ও পরিবার পর্যন্ত পৌঁছে গেছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য অ্যাডভার্টাইজার’-কে জেসিকা জানান, তাদের কাছের মানুষেরা ব্যক্তিগত মেসেজেও অনবরত হুমকি ও বিদ্বেষপূর্ণ বার্তা পাচ্ছেন।

জেসিকা বলেন, ‘আমি ঘুম থেকে উঠে দেখি আমার সোশ্যাল মিডিয়াগুলো সব আক্রমণে ফেটে পড়ছে। আমরা ঠিক আছি, কিন্তু তারা আমার বন্ধু ও পরিবারকে আক্রমণ করছে।’
খেলার আবেগের সাথে মানবিকতার ভারসাম্য রাখা উচিত মনে করিয়ে দিয়ে জেসিকা আরও বলেন, উত্তেজনা খেলার অংশ হতেই পারে। কিন্তু ভুলে যাওয়া উচিত নয় যে, মাঠের খেলোয়াড়দের পেছনেও একটা বাস্তব জীবন আর পরিবার আছে। তিনি আশা করেন এই ঘটনা মানুষের মনে একে অপরের প্রতি সামান্যতম সহানুভূতি জাগ্রত করবে।
জেসিকার মতে এই তিক্ত অভিজ্ঞতা তাদের জন্য নতুন কিছু নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদের ফাইনালে ভারতকে হারানোর পরও এই দম্পতিকে একইভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছিল। এবার আইপিএলের আঙিনায় যেন ঠিক সেই পুরোনো ঘটনারই পুনরাবৃত্তি ঘটল।












