বাংলাদেশ দলের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে আবারও এক দলে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপে যোগ দেওয়ার পথে রয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। সেখানেই আরও একবার পুনর্মিলন ঘটতে পারে ডোমিঙ্গো আর রিশাদের।
বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিংরুমে একসময় গুরু-শিষ্যের সম্পর্ক ছিল তাদের। একজন ছিলেন প্রধান কোচ, আরেকজন তখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা পাকা করার লড়াইয়ে ব্যস্ত এক তরুণ লেগ স্পিনার। কয়েক বছর পর সেই সম্পর্কই নতুন রূপে ফিরতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মঞ্চে।
বর্তমানে সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ডোমিঙ্গো। রিশাদের সম্ভাব্য যোগদান নিয়ে জানতে চাইলে তিনি নিজেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। ডেইলি সানকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ডোমিঙ্গো বলেছেন, ‘হ্যাঁ, মনে হচ্ছে তাই।’

চুক্তি সম্পন্ন হলে শুধু ডোমিঙ্গোর সঙ্গে পুনর্মিলনই নয়, ইতিহাসও গড়বেন রিশাদ। তিনিই হবেন এসএ টি-টোয়েন্টিতে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের চাহিদা যে দ্রুত বাড়ছে, তার প্রমাণ মিলেছে গত দুই মৌসুমেই। বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে ১১ ইনিংসে ১৫ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন তিনি। তার আগে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের জার্সিতে ৮ ম্যাচে শিকার করেছিলেন ১২ উইকেট।
সেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবেই এবার ডাক আসতে চলেছে এসএ টি-টোয়েন্টি থেকে। আর সেখানে অপেক্ষা করছেন বাংলাদেশের ক্রিকেটে তাঁর পথচলার এক পরিচিত মুখ রাসেল ডোমিঙ্গো।










