সাত গোলের স্মৃতি ফিরিয়ে আনলো জার্মানি

জুলিয়ান নাগেলসম্যানের জার্মানি ২০২৬ বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করলো প্রতিপক্ষকে গুণে গুণে সাত গোল দিয়ে। 

স্কোরলাইন ৭-১। ব্রাজিল সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ করা সেই ৭-১। সকালবেলা মরক্কোর সাথে ড্রয়ের দুঃখ ভুলতে না ভুলতে জার্মানি হাজির হলো সেলেসাওদের কাটা গায়ে নুনের ছিটা দিতে। দুর্বল প্রতিপক্ষ কুরাসাওয়ের বিরুদ্ধে গোল করেছে গুণে গুণে সাতখানা, হজম করেছে একটি। যদিও প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা কুরাসাও দাবি করতে পারা তারা ভালো লড়াই করেছে ব্রাজিলের চেয়ে। প্রথম গোল হজমের সাথে সাথেই শোধ করে ফেলেছে সেই গোল, যেখানে ব্রাজিল গোল দিয়েছিল পুরো সাত গোল হজম করে।  

ম্যাচে এগিয়ে যেতে খুব সময় সময় নেয়নি জার্মানি। মাত্র ৬ষ্ঠ মিনিটেই মিডফিল্ডার ফেলিক্স মেচা জালে বল জড়ান। তবে, গোল হজম করে হাল ভেঙেনি পড়েনি কুরাসাও। চোখে চোখ রেখে লড়াই করে গেছে চারবারের বিশ্বজয়ীদের বিপক্ষে।  

সেই লড়াই একেবারে বৃথা যায়নি কুরাসাওয়ের। ২১ মিনিটে লিভানো কুমানেন্সিয়ার ডি-বক্সের ভেতর থেকে নেওয়া শটে হাতও দিতে পারেননি জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। সমতা ফেরালেও বেশি সময় তা ধরে রাখতে পারেনি কুরাসাও। নিকো স্লটারবেক কর্ণার শটে হেড দিয়ে এগিয়ে দেন জার্মানিকে। 

কুরাসাও ডিফান্ডারের করা ফাউলের কারণে প্রথমার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে পেনাল্টি পায় জার্মানি। সেই সুযোগে কুরাসাওয়ের গোলরক্ষককে বোকা বানিয়ে স্কোরলাইন ৩-১ এ নিয়ে যান কাই হাভার্টজ। 

দ্বিতীয়ার্থ শুরু হতেই কুরাসাওয়ের জালে আবার বল জড়ায় জার্মানি। ৪৭ মিনিটে জশুয়া কিমিচের বাড়ানো পাসে দুর্দান্ত ফিনিশিংয়ে দৃষ্টিনন্দন এক গোল করেন জামাল মুসিয়ালা। একের পর এক আক্রমণে কুরাসাওকে বিধ্বস্ত করতে করতে ৬৮ মিনিটে ব্যবধান আরও বাড়ায় জার্মানি। এবার জোরালো শটে গোল করেন নাথানিয়াল ব্রাউন।

এখানেই থেমে যাওয়া যেত। কিন্তু, জার্মানি থামলো না। বদলি হিসেবে নামা ডেনিজ উন্দাভ ৭৮ মিনিটে ৬ষ্ঠবারের মতো বল জড়ান কুরাসাওয়ের জালে। ১০ মিনিট পর হাভার্টজের দ্বিতীয় গোলে ২০১৪ বিশ্বকাপের ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে আনে জার্মানি। 

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে সাহসী ফুটবলের প্রদর্শন করেছে কুরাসাও। আক্রমণ করার চেষ্টা করেছে বারে বারে। কিন্তু, শক্তিশালী জার্মানির কাছে পরাজয় বরণ করে নিতে হয়েছে অসহায়ের মতো।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link