স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ড্র করল সৌদি-উরুগুয়ে

জয়ের জন্য দুই দলই মরিয়া থাকলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে।

মায়ামিতে সৌদি আরব ও উরুগুয়ের লড়াই শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় ড্র হয়েছে। জয়ের জন্য দুই দলই মরিয়া থাকলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

​ম্যাচের শুরু থেকে দুই দলই গোলের জন্য আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ম্যাচের ২০তম মিনিটে সৌদি আরবের আল-বুরাইকান গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন। তাঁর নেওয়া এই শটটি অল্পের জন্য পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।

তবে প্রথমার্ধের ঠিক ৪১তম মিনিটে সৌদির ডিফেন্ডার আব্দুল ইলাহ আল-আমরি ম্যাচের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। কর্নার থেকে আসা বলে হাসান তম্বাকটির হেডের পর গোলরক্ষক মুসলেরা বল ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় আল-আমরি সেই সুযোগ কাজে লাগান।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে উরুগুয়ে তাদের আক্রমণভাগের ধার বাড়ায়। ম্যাচের ৫৪তম মিনিটে উরুগুয়ের ফেদেরিকো ভিনাস গোল করার মতো দারুণ অবস্থানে থেকেও বল লক্ষ্যভ্রষ্ট করেন।

তবে শেষ পর্যন্ত ম্যাচের ৮০তম মিনিটে গিয়ে ভাঙে উরুগুয়ের হতাশার বৃত্ত। বক্সের বা পাশ থেকে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে সমতায় ফেরে উরুগুয়ে।

ম্যাচের শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু রক্ষণভাগের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি। ৯০ মিনিট পেরিয়ে এক্সট্রা এডেশ টাইমে উরুগুয়ের সাবেস্তিয়ান ক্যাসিরাস শেষ সুযোগটিও মিস করেন। আর এতেই পয়েন্ট ভাগাভাগিতেই তুষ্ট থাকতে হয় মারসেলো বিয়েলসার দলকে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link