শ্রীলঙ্কার ডাম্বুলায় ম্যাচের পর ছড়িয়ে পড়ল উত্তেজনা, বিতর্কে জড়ালেন বৈভব সুরিয়াভানশি। শ্রীলঙ্কান তরুণ ক্রিকেটারদের সাথে রীতিমত হাতাহাতি হল তাঁর।
ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যকার ম্যাচটি নির্ধারিত ওভারে টাই হওয়ার পর মাঠে গড়ায় সুপার ওভারে। সেখানে মাত্র ৯ রান তুলতে সক্ষম হয় ভারত ‘এ’, আর সেই লক্ষ্য রক্ষা করে উচ্ছ্বাসে ফেটে পড়ে শ্রীলঙ্কা ‘এ’ শিবির।
তবে ম্যাচের আসল নাটক শুরু হয় খেলা শেষ হওয়ার পর। সুপার ওভারে জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেটাররা আবেগঘন উদযাপন করেন। এ সময় শ্রীলঙ্কা ‘এ’-এর বোলার কুগাথাস মাথুলান ভারতীয় খেলোয়াড়দের উদ্দেশে উসকানিমূলক আচরণ করেছেন বলে অভিযোগ ওঠে, যা দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ভারতের তরুণ ব্যাটিং সেনসেশন বৈভব সুরিয়াভানশি বিতর্কের মধ্যে মাথুলানের সঙ্গে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মাথুলান ধাক্কা দেন সুরিয়াভানশিকে। সুরিয়াভানশি নিজেও মাথুলানকে ছেড়ে দেননি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক নিরোশাম ডিকওয়েলা, যিনি দুজনকে আলাদা করে দেন। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ফলে ম্যাচ রেফারি বিষয়টি তদন্তের আওতায় আনতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদি এটি লেভেল-২ কোড অব কন্ডাক্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়, তাহলে বৈভবকে ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে। এমনকি অভিযোগ প্রমাণিত হলে সাময়িক নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন এই তরুণ ভারতীয় ব্যাটার।











