লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বিশ্বকাপের এক হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল। ইরান কিংবা নিউজিল্যান্ড, কেউই ছেড়ে কথা বলেনি নিজের প্রতিপক্ষকে। ২-২ গোলের স্কোরলাইনও যেন তাদের সেই লড়াইয়ের কথাই ফুটিয়ে তোলে।
প্রথমার্ধে এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি নিউজিল্যান্ডের। সাত মিনিটেই ক্রিস উডের পা থেকে বাড়িয়ে দেওয়া বল জালে জড়িয়ে কিউইদের এগিয়ে দেন এলিজা জাস্ট। তবে, ম্যাচে ফিরতে আক্রমণ চালিয়ে যেতে থাকে ইরান।
ফলাফল হাতে পেতেও অবশ্য খুব বেশি দেরি হয়নি ইরানের। ৩২ মিনিটে রামিন রেজাইয়ান সমতায় ফেরান। প্রথমার্ধের বাকি থাকা সময়ে দুই দলই আক্রমণের অনেক চেষ্টা চালালেও কেউই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধের নয় মিনিটের মধ্যেই নিউজিল্যান্ড আবার জালে বল জড়ায়। আবারও তাদের নায়ক হয়ে ওঠেন জাস্ট। সেই ক্রিস উডের অ্যাসিস্ট থেকে গোলরক্ষকের গ্লাভস ফাঁকি দিয়ে নিউজিল্যান্ডকে ২-১ গোলে এগিয়ে দেন।
নিউজিল্যান্ড এগিয়ে গেলেও সেই লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি ইরান। আগে গোল করা রেজাইন এবার ৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক বল উড়িয়ে দেন। মোহাম্মদ মোহাবি উড়ন্ত অবস্থায় হেড দিয়ে সমতায় ফেরান ইরানকে। বাকি সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের নানা চেষ্টা করে গেলেও, গোলের দেখা পাওয়া সম্ভব হয়নি কারো পক্ষেই।
ইরানের গোলকে কেন্দ্র করে নিউজিল্যান্ডের আক্রমণ বেশি হলেও, ইরানও খুব বেশি পিছিয়ে ছিল বলা যাবে না। অনেকটা সমানে সমানের এই লড়াইয়ের তাই সমাপ্তি ঘটলো ২-২ গোলের ড্রয়ে। ইরান আর নিউজিল্যান্ড, দুই দলই নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করলো এক পয়েন্ট নিয়ে।











