বিশ্বমঞ্চে এখন বাংলাদেশিদের রাজত্ব!

ক্রিকেটের বাঘা বাঘা সব তারকাদের পেছনে ফেলে টানা দুই মাস আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কার নিজেদের ডেরায় এনেছে টাইগাররা।

বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বমঞ্চে এখন আর কেবল অংশ নেয় না, বরং বুক চিতিয়ে রাজত্ব করতে শুরু করেছে। ক্রিকেটের বাঘা বাঘা সব তারকাদের পেছনে ফেলে টানা দুই মাস আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কার নিজেদের ডেরায় এনেছে টাইগাররা। পুরস্কার পেয়েছেন বাংলাদেশের দুই প্রজন্মের দুই ক্রিকেট সেনসেশন— মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আর গতিদানব নাহিদ রানা।

মুশফিকের বয়স এখন ৩৯। সাদা বলের ক্রিকেটে আর বাংলাদেশের জার্সি গায়ে তোলেন না। শুধুমাত্র অজিভাত ফরম্যাটেই মাঠে নামেন ব্যাট নিয়ে। কিন্তু, এই বয়সে এসেও ক্লান্তিহীন এক শেরপার মতো আরোহণ করে যাচ্ছেন পারফরম্যান্সের পাহাড়ে। 

মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্টে বাংলাওয়াশ করে টাইগাররা। ইতিহাসগড়া সিরিজে চার ইনিংসে ৬০ এর বেশি ঘরে মুশফিক করেন ২৫৩ রান। সর্বোচ্চ রানসংগ্রহকারী হওয়ার পাশাপাশি জিতে নেন সিরিজ সেরার পুরস্কারটিও। সেই দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতিই যেন এবার আসলো আইসিসির কাছ থেকে।  

এর আগে, এপ্রিল মাসের সেরা হয়ে আলো কেড়েছেন তরুণ পেসার নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গতির ঝড় তুলে ১৬.৭৫ গড়ে শিকার করেন ৮টি মূল্যবান উইকেট। সাড়ে চারের কম ইকোনমি রেটে কিউই ব্যাটারদের বুকে রীতিমতো কাঁপন ধরিয়েছিলেন নিজের দুরন্ত গতি দিয়ে। 

একদিকে মুশফিকের দুই দশকের অভিজ্ঞতা, অন্যদিকে নাহিদের তারুণ্যের আগুনে গতি; দুজনের পারফরম্যান্সই বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। আইসিসির এই ব্যাক-টু-ব্যাক স্বীকৃতি প্রমাণ করে, বৈশ্বিক তারকাদের সাথে এখন সমানে সমানে পাল্লা দিচ্ছে আমাদের দেশের দামাল ছেলেরা। 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link