শৃঙ্খলাভঙ্গের দায় চেপেছে লিটন দাসের ওপর!

মাঠে নেই, কোথাও ছিলেন না লিটন দাস। তবুও আলোচনায় উঠে এসেছে শৃঙ্খলা ভঙ্গের দায়। বোর্ডকে কিছু না জানিয়ে হঠাৎ চীন সফরে যাওয়া ভালোভাবে মেনে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাঠে নেই, কোথাও ছিলেন না লিটন দাস। তবুও আলোচনায় উঠে এসেছে শৃঙ্খলা ভঙ্গের দায়। বোর্ডকে কিছু না জানিয়ে হঠাৎ চীন সফরে যাওয়া ভালোভাবে মেনে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ঘটনাকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখছে শৃঙ্খলা কমিটি। তাই তো তলব করা হয়েছে লিটনকে।

বিষয়টি নিয়ে বোর্ডের ভেতরে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। কারণ, লিটন তখন ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কাফ ইনজুরিতে পড়েন তিনি। সেই চোটের কারণেই লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) খেলা হয়নি বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটারের।

বোর্ড তার পুনর্বাসন ও চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছিল। এমন সময় কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমতি বা বিস্তারিত আপডেট ছাড়াই তার চীন সফর বিসিবির নজরে আসে। এরপরই বিষয়টি শৃঙ্খলা কমিটির কাছে যায়।

বিসিবির নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বিদেশ সফরের ক্ষেত্রে বোর্ডকে অবহিত করা বাধ্যতামূলক। বিশেষ করে কোনো ক্রিকেটার ইনজুরিতে থাকলে তার অবস্থান, চিকিৎসা এবং পুনর্বাসন সম্পর্কে বোর্ডকে নিয়মিত জানানো প্রত্যাশিত।

শুনানিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন লিটন দাসও। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি পুরো বিষয়টি খোলামেলাভাবে তুলে ধরেছেন এবং কোনো তথ্য গোপন করার চেষ্টা করেননি। বোর্ডের কর্মকর্তাদের দাবি, এটি ইচ্ছাকৃতভাবে নিয়ম ভাঙার ঘটনা না হলেও, বিদ্যমান চুক্তি ও আচরণবিধির আলোকে এটি একটি লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে।

এখন সবকিছু নির্ভর করছে বিসিবির শৃঙ্খলা কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। কোড অব কন্ডাক্ট অনুযায়ী ঘটনাটি পর্যালোচনা করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। লিটনের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে, নাকি সতর্ক করেই ছেড়ে দেওয়া হবে—সেই সিদ্ধান্ত এখনও জানানো হয়নি।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link