২১ বছরের অদ্ভুত আক্ষেপ

৮৪ জনের ক্লাবে তিনিই তো একমাত্র যিনি কখনো অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেননি - এই পরিচয়টা মুছতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ডারউইনের সেই অচেনা মাঠে নেমে মুশফিক কি পারবেন এই দীর্ঘ অপেক্ষার গল্পটাকে একটা সেঞ্চুরি দিয়ে শেষ করতে?

মুশফিকুর রহিম খুবই দুর্ভাগা ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে এখন পর্যন্ত একশো বা তার বেশি টেস্ট খেলেছেন ৮৪ জন ক্রিকেটার। তালিকায় আছেন শচীন টেন্ডুলকার থেকে জেমস অ্যান্ডারসন, রিকি পন্টিং থেকে জো রুট – সবাই। এই ৮৪ জনের মধ্যে একটা জায়গায় অদ্ভুত মিল আছে।

সবাই অন্তত একবার হলেও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছেন। একজন বাদে,তিনি মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে যিনি একশো টেস্টের ক্লাবে ঢুকেছেন, অথচ ক্যারিয়ারের ২০ বছরে একবারও অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগই পাননি।

ব্যাপারটা কাকতালীয় শোনালেও এর পেছনে আছে বাংলাদেশ ক্রিকেটের এক দীর্ঘ বঞ্চনার ইতিহাস। মুশফিক জাতীয় দলে আসেন ২০০৫ সালে, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে।

আর বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়েছিল তার দুই বছর আগে, ২০০৩ সালে। ডারউইনের মারারা ওভাল আর কেয়ার্নসের কাজালিস স্টেডিয়ামে সেই দুটি টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল হাবিবুল বাশার সুমনের দল।তখন কে জানত, ওটাই হতে যাচ্ছে ইতিহাসের একমাত্র সফর?

এরপর কেটে গেছে তেইশটা বছর। এই তেইশ বছরে বাংলাদেশ ছয়বার গেছে নিউজিল্যান্ডে, পাঁচবার দক্ষিণ আফ্রিকায়, কিন্তু অস্ট্রেলিয়ায় আর যাওয়া হয়নি। কখনো এফটিপিতে জায়গা হয়নি, কখনো অজুহাত ছিল আর্থিকভাবে লাভজনক নয়, কখনো নিরাপত্তা।

২০১৮ সালে একটা সিরিজ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। ফলে যা হওয়ার তাই হয়েছে। মুশফিকের পুরো ক্যারিয়ার জুড়েই অস্ট্রেলিয়া নামটা রয়ে গেছে মানচিত্রের বাইরে। আর এই আক্ষেপটা আরও বেশি চোখে পড়ে মুশফিকের বর্তমান অবস্থানের কারণে।

টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন অনেক আগেই, গত বছর চ্যাম্পিয়নস ট্রফির পর ছেড়েছেন ওয়ানডেও। এখন তিনি শুধুই টেস্টের ক্রিকেটার। আর সেখানেই তিনি বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ গড়ের মালিক। ২০২৫ সালের ১৯ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে শততম টেস্ট খেলে ঢুকে পড়েছেন এলিট ক্লাবে, তাও সেঞ্চুরি করে – ইতিহাসের মাত্র ১১তম ব্যাটার হিসেবে।

এই বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও ছিলেন দারুণ ছন্দে, হয়েছেন সিরিজসেরা। কিন্তু তার ক্রিকেটীয় পাসপোর্টে অস্ট্রেলিয়ার ভিসার পাতাটাই এখনো ফাঁকা।

অবশেষে সেই ফাঁকা পাতায় সিল পড়তে যাচ্ছে। তেইশ বছর পর আবার অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। প্রথম টেস্ট ডারউইনে, দ্বিতীয়টা ম্যাকেতে। যে দুটি ভেন্যুতে ২০০৩ সালে শেষবার খেলেছিল বাংলাদেশ, তার একটিতে ফিরে যাওয়া হচ্ছে আবার।

জিম্বাবুয়ে সফরের দলে থাকা মুশফিক এই সফরেও থাকছেন, এটা একরকম নিশ্চিত। যদি সব ঠিক থাকে, তাহলে ৩৯ বছর বয়সে এসে ক্যারিয়ারের প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাক গায়ে নামবেন তিনি।

৮৪ জনের ক্লাবে তিনিই তো একমাত্র যিনি কখনো অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেননি – এই পরিচয়টা মুছতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ডারউইনের সেই অচেনা মাঠে নেমে মুশফিক কি পারবেন এই দীর্ঘ অপেক্ষার গল্পটাকে একটা সেঞ্চুরি দিয়ে শেষ করতে?

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link