১২৬ রানে এক উইকেট। সেখান থেকে ইউনিভার্সিটি স্পোর্টস দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল মাত্র ১৬৬ রানে। চৌধুরি রিজওয়ানের চার শিকার শিরদাঁড়া ভেঙে দেয় স্বাগতিকদের। আর ব্যাট হাতে শাহাদাত দিপুর ৭৩ রানের ইনিংসে ভর করে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ইমার্জিং দল।
এদিন আগে ব্যাট করতে নামা আফ্রিকার দলটা শুরুতেই হোঁচট খায় বটে। তবে সেটা দুর্দান্তভাবে সামলে নেয়। বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয় সময়ের সঙ্গে সঙ্গে। ১২৬ রান পর্যন্ত উইকেট সংখ্যা একই থাকে।

তবে এরপরই দমকা হাওয়া এসে যেন উড়িয়ে নিয়ে যায় দলটার সাজানো সবকিছু। যার পেছনের কারিগর রিজওয়ান। বল হাতে শিকার করেন চার উইকেট। বাকিদের নিয়ন্ত্রিত বোলিংও রাখে কার্যকর ভূমিকা। এরপর মাত্র ৪০ রান স্কোরবোর্ডে যোগ করার সুযোগ পায় দলটা।
বাংলাদেশের জন্য লক্ষ্যটা ১৬৭ রান। তবে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দ্রুত সময়ের ব্যবধানে হারিয়ে বসে দুই উইকেট। বাকি গল্পটা লেখেন শাহাদাত দিপু। একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। আর তাঁকে সঙ্গ দেন ইরফান শুক্কুর। তাঁর ব্যাট থেকে আসে ৫৮ রান। দুজনের জোড়া ফিফটিতে ভর করে সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটা।

Share via:










