সত্যিই কি জোড়া গোল করলেন রোনালদিনহো?

ভিডিওটিতে দেখা যায় মাঠে নেমেই নিজের প্রত্যাবর্তনে জোড়া গোল করেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। কিন্তু আদতে এই ভাইরাল ক্লিপের সত্যতা কতটুকু?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে – ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরে ফের গোল করেছেন রোনালদিনহো। ভিডিওটিতে দেখা যায় মাঠে নেমেই নিজের প্রত্যাবর্তনে জোড়া গোল করেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। কিন্তু আদতে এই ভাইরাল ক্লিপের সত্যতা কতটুকু?

আসল সত্য হলো, ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে বর্তমান সময়ের কোনো সম্পর্ক নেই। এটি একটি বিভ্রান্তিকর তথ্য। ভিডিওটি মূলত এক দশক আগের।

২০১৫ সালের ১৮ এপ্রিল। তৎকালীন ৩৫ বছর বয়সী রোনালদিনহো মেক্সিকান ক্লাব কেরেতারোর হয়ে খেলার সময় প্রতিপক্ষ ক্লাব আমেরিকার বিপক্ষে ৮৪তম মিনিটে বেঞ্চ থেকে নেমে জোড়া গোল করেছিলেন। সেই পুরোনো ম্যাচের ভিডিওকেই এখন ২০২৬ সালের সাম্প্রতিক দৃশ্য দাবি করে ভাইরাল করা হচ্ছে।

​তবে ৪৬ বছর বয়সে রোনালদিনহোর ফুটবলে ফেরার খবরটি কিন্তু পুরোপুরি সত্য। ২০২৬ সালের জুনে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনা এফসি আনুষ্ঠানিকভাবে জানায়, খেলোয়াড় হিসেবে রোনালদিনহোকে চুক্তিবদ্ধ করেছে তারা। ইতোমধ্যেই ক্লাবের ঐতিহ্যবাহী দশ নম্বর জার্সিতে সমর্থকদের সামনে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয়ও করিয়ে দেওয়া হয়।

​প্রত্যাবর্তন সত্য হলেও, ক্লাবের হয়ে তিনি এখনো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেননি। তাই এই দ্বিতীয় ইনিংসে তাঁর গোল করার খবরটি স্রেফ গুঞ্জন। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে খেলার পর পেশাদার ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন তিনি।

​উল্লেখ্য, রাভেনা এফসিতে রোনালদিনহোর আগমন কেবল মাঠে নামার মধ্যেই সীমাবদ্ধ নয়। ক্লাবটির মালিক ইগনাজিও সিপ্রিয়ানির দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে ফুটবলারের পাশাপাশি ক্লাবের শেয়ারহোল্ডার হিসেবেও যুক্ত হয়েছেন তিনি।

​ব্রাজিলিয়ান এই উইজার্ড নিজে শেষবারের মতো ফুটবল মাঠে বল জালে জড়ানোর ইচ্ছা প্রকাশ করলেও, সেই মাহেন্দ্রক্ষণ ঠিক কবে আসবে তা এখনো নিশ্চিত নয়। তবে ভাইরাল ভিডিও যা-ই বলুক না কেন, ইতালির মাটিতে রোনালদিনহোর নতুন গোলগাথা রচিত হওয়া এখনো বাকি।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link