অবশেষে শেষ হয়েছে ভারতীয় ক্রিকেটে অজিত আগারকারের অধ্যায়। নির্বাচক কমিটির দায়িত্বের পাঠ চুকিয়ে ফেলেছেন। তাঁর শূণ্য আসনে বসেছেন প্রজ্ঞান ওঝা। অন্তরবর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে তাঁকে বেছে নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে ওঝার সম্ভাবনাও রয়েছে পাকাপাকিভাবে এই দায়িত্ব বুঝে নেওয়ার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওডিআই সিরিজের দল বাছাইয়ের প্রধান নির্বাচক হিসেবে অজিত আগারকরের এটাই ছিল শেষ দায়িত্ব। ২০২৩ সাল থেকে পাওয়া দায়িত্বে উত্থান-পতন কিংবা সমালোচনায় বিদ্ধ হওয়া সবই ঘটেছে। অতপর বিদায়।

সেই জায়গায় ভারতের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝাকে বর্তমান চার সদস্যের নির্বাচক কমিটির অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে এবং ২৪টি টেস্ট খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে এই পদে পদোন্নতি পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
চার নির্বাচকের সঙ্গে গৌতম গম্ভীরের দীর্ঘক্ষণ আলোচনা চলেছে। কোচের সাথে নির্বাচকের এই কথোপকথন নেহাৎ স্বাভাবিক বিষয়। তবে এবার এর গুরুত্ব বেশি, কারণ খুব শিগগিরই নির্বাচকদের ভারতের নিউজিল্যান্ড সফরের দল বাছাই করতে হবে। এর মধ্যে থাকবে ভারত ‘এ’ দলের ৩ টি টেস্ট, পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট।

আগামী বছরের ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে যাওয়ায়, নিউজিল্যান্ড সফরেও দলীয় কম্বিনেশন পরীক্ষা করা এবং বিভিন্ন ফরম্যাটে খেলোয়াড়দের বিশ্রাম ও ম্যাচ ব্যাবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন দেখার বিষয় নতুন দায়িত্ব নেওয়া ওঝার কতটুকু সফল হন তার কাজে।










