এসিসির মসনদে বসতে যাচ্ছেন তামিম ইকবাল!

তবে কি সব সমীকরণ মিলিয়ে এসিসির মসনদে এবার বসতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল?

এশীয় ক্রিকেটের ক্ষমতার মঞ্চে বাজছে বদলের ঘণ্টা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান প্রেসিডেন্ট মহসিন নাকভির ওপর পূর্ণ সদস্য দেশগুলোর অধিকাংশের সমর্থন না থাকায়, তাঁর মেয়াদ আর বাড়ছে না। তবে কি সব সমীকরণ মিলিয়ে এসিসির মসনদে এবার বসতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল?

বর্তমান এসিসি সভাপতি মহসিন নাকভির মেয়াদ আগামী বছরের এপ্রিলে শেষ হওয়ার কথা। নিয়মানুযায়ী তাঁর মেয়াদ বাড়াতে হলে নির্বাহী বোর্ডের সর্বসম্মত সমর্থন দরকার।

কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সেই সমর্থন পাওয়া নাকভির পক্ষে প্রায় অসম্ভব। বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানকে নিয়ে গঠিত বোর্ডের মধ্যে ভারতের সঙ্গে বিরোধের জেরে অন্তত তিনটি দেশ তাঁর মেয়াদ বৃদ্ধির বিপক্ষে অবস্থান নিতে পারে। এমনকি সম্প্রতি নারী এশিয়া কাপ কিংবা পুরুষদের এশিয়া কাপের ফাইনাল শেষে বিজয়ী ভারত দল নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার ঘটনা সেই উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে।

এসিসির নিয়ম অনুযায়ী, পাঁচ পূর্ণ সদস্যদেশের মধ্যে প্রতি দুই বছর পরপর সভাপতির দায়িত্ব আবর্তিত হয়। সেই পরিক্রমায় এবার সভাপতি পদের স্বাভাবিক দাবিদার বাংলাদেশ। বিসিবি প্রধান তামিম ইকবালও এই মর্যাদাপূর্ণ দায়িত্ব নিতে যথেষ্ট আগ্রহী।

 

অতীতে শ্রীলঙ্কা সভাপতিত্ব করতে অস্বীকৃতি জানানোর কারণে ভারতের জয় শাহের মেয়াদ তৃতীয় দফায় বেড়েছিল ২০২৫ সাল পর্যন্ত। এরপর নাকভি দায়িত্বে এলেও সদস্য দেশগুলোর অকুণ্ঠ সমর্থন পাওয়ার সুযোগ তাঁর নেই বললেই চলে।

এ নিয়ে এসিসির এক সদস্য গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “২০২৭ সালের এপ্রিলে নাকভির মেয়াদ শেষ হচ্ছে। নির্বাহী বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও নাকভির ক্ষেত্রে সেই সম্ভাবনা নেই। পরবর্তী দায়িত্ব বাংলাদেশের নেওয়ার কথা এবং তামিম ইকবাল সেই দায়িত্ব নিতে আগ্রহী বলে সদস্যরা ধারণা করছেন।”

সব বাধা পেরিয়ে এবার কি তবে এশীয় ক্রিকেটে লাল-সবুজের নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন তামিম ইকবাল? সময়ই দেবে জবাবটা!

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link