ফাইনালের জন্য যেন সবকিছু জমিয়ে রেখেছিলেন কামিন্দু মেন্ডিস। পাকিস্তানের বিপক্ষে ১৩১ রানের অনবদ্য ইনিংস খেললেন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখাও পেলেন। প্রতিটা বোলার অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হলো তাঁর কাছে। বড় ম্যাচে বড় চাপ সামলে রেখে গেলেন নিজের সক্ষমতার ছাপ।
ফাইনাল মানেই বাড়তি চাপ, বাড়তি দায়িত্ব। এমন মঞ্চে কেউ কেউ নিজেদের সেরাটা দিতে অপেক্ষা করেন, কেউ হয়ে ওঠেন ম্যাচের মূল চরিত্র। পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ঠিক সেই কাজটিই করলেন শ্রীলঙ্কার কামিন্দু।
ব্যাট হাতে শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী। দুই ছক্কা আর বারো চারের ইনিংসে পাকিস্তানি বোলারদের ওপর রীতিমতো আধিপত্য বিস্তার করেন এই লঙ্কান ব্যাটার। স্ট্রাইক রেটও ছিল ঈর্ষণীয়, ১০২.৩৪।

শেষ পর্যন্ত প্যাভিলিয়নে ফেরার আগ পর্যন্ত ইনিংসটিকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। কিন্তু কামিন্দু খানিকটা আফসোস চাইলে করতেই পারেন। কেননা তাকে ফিরতে হয়েছে শাহীন শাহ আফ্রিদির বলে আম্পায়ার্স কলের ফাঁদে পড়ে। রিভিউ নিয়েও টিকে থাকা হলো না।
এর আগে অবশ্য ম্যাচের শুরু থেকেই নিজের রাজত্ব বিস্তার করে যান কামিন্দু। শাহীন শাহ আফ্রিদি, শাদাব খানদের সামলে নিয়ে শ্রীলঙ্কাকে টেনে নিয়ে যান বড় সংগ্রহের দিকে। ৪১ ওভার ক্রিজে থেকেছেন, পুরোটা সময় কেবল প্রতিপক্ষের মাথাব্যথায় বেড়েছে। শেষমেষ ১২৮ বলে বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটিয়ে ফিরেছেন সাজঘরে।
চলতি সিরিজে এর আগে পাকিস্তানের বিপক্ষেই পেয়েছিলেন অপরাজিত ৬২ রানের দেখা। দলও পেয়েছিল ডমিনেটিং জয়। তবে ফাইনালে যেন সবকিছু উজাড় করেই খেললেন এই লঙ্কান ওপেনার।












