এক সিদ্ধান্তেই পিছিয়ে দিল বাংলাদেশকে!

দ্বিতীয় দিন সকালে হাসান মাহমুদ ধসিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজকে। তবে সেই বীরত্ব ছাপিয়ে যায় একটা প্রশ্ন, সাদমান ইসলামের জায়গায় কেন নাঈম হাসান? এটাই যে ব্যাটিং অর্ডারের মোমেন্টাম ভেঙে দিয়েছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে আছে যোজন যোজন দূরে।

দ্বিতীয় দিন সকালে হাসান মাহমুদ ধসিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজকে। তবে সেই বীরত্ব ছাপিয়ে যায় একটা প্রশ্ন, সাদমান ইসলামের জায়গায় কেন নাঈম হাসান? এটাই যে ব্যাটিং অর্ডারের মোমেন্টাম ভেঙে দিয়েছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে আছে যোজন যোজন দূরে।

প্রথম দিন শেষে বাংলাদেশ ব্যাকফুটেই ছিল। সকালের শুরুতে ক্যারিবীয় শিবির দাপটের সঙ্গে ইনিংস গড়তে থাকে। মনে হচ্ছিল, এখান থেকে বাংলাদেশের ফেরা সম্ভব নয়। তবে ঘুরে দাঁড়ানোর রাস্তা দেখান হাসান মাহমুদ। প্রথম সেশনেই অর্থাৎ লাঞ্চের আগে চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। যার মধ্যে তিনটিই হাসানের দখলে। পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফাইফারের দেখা।

দুই উইকেট হাতে নিয়ে বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফিরে আসার পর ৩৫৬ রান স্কোরবোর্ডে তোলে সফরকারীরা। হাসানের ঝুলিতে যায় সব মিলিয়ে ছয় উইকেট। তাসকিন আহমেদ আর মেহেদী হাসান মিরাজ নেন দুটো করে উইকেট।

বাংলাদেশের দুশ্চিন্তার বেশ কিছু কারণ ছিল। যার মধ্যে সবচেয়ে বড় সাদমান ইসলামের ইনজুরি। ফিল্ডিং করার সময় পাওয়া চোট আর সেরে ওঠেনি। তাঁর বদলে ওপেনিংয়ে নামানো হবে কাকে? নাজমুল হোসেন শান্ত আছেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজও ওপেন করতে জানেন, তবে সবাইকে চমকে দিয়ে মাঠে নামেন নাঈম হাসান। যিনি কোনো দিন ওপেন করতেই নামেননি।

নাঈম পাঁচ করে ফিরে যান। নতুন বলে কী-ইবা করার ছিল তাঁর? ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক বোলিং সামলানো, নতুন বলে টিকে থাকার মন্ত্র যে নাঈমের জানা নেই। এমন আত্মঘাতী সিদ্ধান্ত দিনশেষে বাংলাদেশকে যে চাপে ফেলেছে।

তানজিদ হাসান তামিম কিংবা নাজমুল হোসেন শান্ত উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ। ৫১ রানের মাথায় তিন উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে হাল ধরেন তাওহীদ হৃদয় আর অভিজ্ঞ মুশফিকুর রহিম মিলে। দুজনের ব্যাটে চড়ে দিনটা শেষ করে বাংলাদেশ। হৃদয় তোলেন ২৯ রান আর মুশফিকের পাশে ১৯। বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৮৮ রান।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link