হৃদয়ের ভিলেন থেকে নায়ক হওয়ার গল্প!

বাংলাদেশের ইতিহাসে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে কেউ ৩০০ করতে পারেনি এর আগে। হৃদয়ের নামের পাশে ৩২৪। টপকে গেছেন মুমিনুল হকের ২৮১ রানকে। হৃদয় যা করেছেন, তা কেবলই জবাব, নিজের ভুলের বিপক্ষে লড়াই করে জিতে গেছেন। জিতে নিয়েছেন সবার মন।

দুটো ইনিংস, মাত্র দুটো ইনিংস বাংলাদেশের টেস্ট ইতিহাস বদলে দিল। দুটো ইনিংস ভিলেন থেকে নায়ক করে দিল তাওহীদ হৃদয়কে। কেউ যদি প্রশ্ন করে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রাপ্তি কী? উত্তর দুটো তাওহীদ হৃদয়। একজন ভুল করা, ভেঙে পড়া হৃদয়, আরেকজন সেই ভুল থেকে শিক্ষা নিয়ে প্রত্যাবর্তনের মহাকাব্য লেখা হৃদয়। যা কেউ করতে পারেনি, যা কেউ ভাবতে পারেনি, দুই ইনিংসে হৃদয় করলেন। তিনি বোঝালেন, এই ফরম্যাটে তিনি রাজ করতেই এসেছেন।

ভবিতব্য যেখানে নিশ্চিত পরাজয়, অসহায় আত্মসমর্পণ, হৃদয় সেখান থেকে শুরু করেছিলেন। সবাই যখন হাল ছেড়ে দিয়েছে, হৃদয় তখন ধরেছিলেন। প্রথম ইনিংসে ২৪২, বাংলাদেশি কোনো ব্যাটারের আর এই কীর্তি নেই। অথচ দুই দিন আগেও সমালোচনার বিষাক্ত বাণ বুকে এসে লেগেছে বারবার। তবে ওই একটা ইনিংস সব বিষাদের ইতি টেনে দিল, বাংলাদেশকে চেনাল নতুন হিরোকে।

তাতে কী হলো, বাংলাদেশের ভবিতব্য যে বদলানো না। দ্বিতীয় ইনিংসে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ কখনো আড়াইশো চেজ করে জিততে পারেনি। এই টার্গেট তো সমতলে দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার মতোই।

তানজিদ হাসান তামিম-নাজমুল হোসেন শান্তরা যখন সাজঘরে ফিরলেন, বাংলাদেশের সামনে ড্র করায় তখন বিশাল কিছু। দিনটা টিকে থাকতে পারবে কি না, এমন প্রশ্ন যখন উঁকি দিয়ে উঠল, হৃদয় তখন ঢাল হয়ে দাঁড়ালেন। যেখান থেকে আগের দিন শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন।

৪০ রানে দুই উইকেট থেকে হৃদয় স্কোরটাকে টেনে নিয়ে গেলেন ১৭৫ পর্যন্ত। ৮২ রানের ইনিংস ভাগ্যের কাছে থেমে গেল। জোমেল ওয়ারিক্যানের বল আলতো করে ছুঁইয়ে গেল লেগ স্টাম্প, পড়ে গেল বেল। তাতেই সমাপ্ত হলো হৃদয়ের অবিশ্বাস্য ম্যারাথনের।

বাংলাদেশের ইতিহাসে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে কেউ ৩০০ করতে পারেনি এর আগে। হৃদয়ের নামের পাশে ৩২৪। টপকে গেছেন মুমিনুল হকের ২৮১ রানকে। হৃদয় যা করেছেন, তা কেবলই জবাব, নিজের ভুলের বিপক্ষে লড়াই করে জিতে গেছেন। জিতে নিয়েছেন সবার মন।

 

 

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link