ব্যাটিং ধসের মাঝে মুমিনের রূপকথার ১৫২ রান!

দেড়শর কাছে আটকে যাওয়া একটা দলকে তিনশো পার করানোর কৃতিত্ব তাই একজনেরই। সেই একজন আহসান আল মুমিন।

ব্যাটিং ধসের মধ্যে একজন ব্যাটার একাই পুরো ইনিংসটা কাঁধে তুলে নিলে সেটাকে ইনিংস না বলে গল্প বলাই ভালো। মালয়েশিয়ার বিপক্ষে আহসান আল মুমিন ঠিক তেমনই এক গল্প লিখলেন। ১৩৩ বলে অপরাজিত ১৫২ রান, ১০টি চার আর ৬টি ছক্কায় সাজানো ইনিংসটির কারণে বাংলাদেশ তুলল ৮ উইকেটে ৩০৩ রান।

অথচ ম্যাচের শুরুটা মোটেও এমন ছিল না। ২৯ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর ক্রিজে নামেন মুমিন, আর তারপর একে একে ফিরতে থাকেন সবাই। ২৫ ওভারে স্কোরবোর্ডে ১৪৪ রান, উইকেট নেই ছয়টি। ১৬০ বা ১৭০ পার হওয়াই তখন কঠিন মনে হচ্ছিল, তাও আবার মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে।

মুমিন তখন ৫০ বলে ৫১ রানে ব্যাট করছেন। ফরিদ হাসান ফয়সাল, আলি রাফি, ফরহান সাদিক চলে গেছেন, কিন্তু তাঁর খেলায় তাড়াহুড়ো ছিল না। যাকেই পাশে পেয়েছেন, তার সঙ্গে জুটি গড়েছেন। রবিউল হাসান অনিককে নিয়ে ৭০ রানের বেশি যোগ করে দলকে ২১৮ পর্যন্ত নিয়ে গেলেন। অনিক ফেরার পর রিজনও শূন্য রানে বোল্ড হলেন, ২২৪ রানে আট উইকেট। তবু মুমিন থামেননি।

শেষ দশ ওভারে বাংলাদেশ তোলে ৮০ রান, যার বড় অংশই এসেছে তাঁর ব্যাট থেকে। ৪৩তম ওভারে আউলগা গুনাওয়ানকে টানা দুই ছক্কায় তিনি পৌঁছে যান সেঞ্চুরিতে। শেষ দিকে সাহির আসরাফের এক ওভারে দুটি ছক্কাসহ আসে ১৬ রান। আল আমিন হোসেনকে নিয়ে ৫৬ বলে গড়া ৭৯ রানের জুটিতে আল আমিনের অবদান ছিল মাত্র ৮, বাকিটা মুমিনের। দেড়শর কাছে আটকে যাওয়া একটা দলকে তিনশো পার করানোর কৃতিত্ব তাই একজনেরই। সেই একজন আহসান আল মুমিন।

Share via
Copy link