মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে যুবা এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ!

ওমানে চলমান যুব এশিয়া কাপে যেন নতুন করে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তানের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে হোঁচট খেলেও পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার মালয়েশিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেলো যুবারা!

আহসান আল মুমিনের দুর্দান্ত সেঞ্চুরি আর তামিমের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশ পেয়েছে ২০৫ রানের বিশাল জয়। ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা মোটেও প্রত্যাশামাফিক হয়নি। দলীয় ১৮ রানেই সাজঘরে ফেরেন ওপেনার জারিফ। এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যুবারা।

মাত্র ১২৪ রানেই ৫ উইকেট হারিয়ে যখন বড় সংগ্রহের স্বপ্ন ফিকে হতে শুরু করেছে, তখনই দলের হাল ধরেন আহসান আল মুমিন! একপ্রান্তে সতীর্থদের আসা যাওয়ার মিছিল চললেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন আহসান। প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন দারুণ সব শট।

তাঁর ব্যাটে ভর করেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৩৩ বলের ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। তাঁর দুর্দান্ত ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। ৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে মালয়েশিয়া।

ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন টাইগার বোলাররা।

মাত্র ৫০ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা মালয়েশিয়া শেষ পর্যন্ত থামে মাত্র ৯৮ রানে। বাংলাদেশের হয়ে বল হাতে একাই তাণ্ডব চালান তামিম। তাঁর ঘূর্ণিতে একে একে সাজঘরের পথ ধরেন মালয়েশিয়ার ৭ ব্যাটার। ফলে ২০৫ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা!

টানা দুই জয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link