উত্তরাধিকারের পথে নতুন প্রজন্ম

বাইশ গজে কোনো তরুণ ব্যাটারের ব্যাটে ঝড় উঠলে কিংবা কোনো বোলারের গতিতে কুপোকাত হয় প্রতিপক্ষ, তখন আলোচনায় আসে তাঁর পারফরম্যান্স। তবে সেই ক্রিকেটারের বাবা যদি হন সাবেক কোনো তারকা, তাহলে আগ্রহটা বেড়ে যায় আরও। বাবার ব্যাটিং, বোলিং কিংবা অর্জনের সঙ্গে চলে তুলনা। সেই পরিচয়কে সঙ্গী করেই ক্রিকেটে নিজেদের জায়গা তৈরির চেষ্টা করছেন কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারের সন্তান।

বাইশ গজে কোনো তরুণ ব্যাটারের ব্যাটে ঝড় উঠলে কিংবা কোনো বোলারের গতিতে কুপোকাত হয় প্রতিপক্ষ, তখন আলোচনায় আসে তাঁর পারফরম্যান্স। তবে সেই ক্রিকেটারের বাবা যদি হন সাবেক কোনো তারকা, তাহলে আগ্রহটা বেড়ে যায় আরও। বাবার ব্যাটিং, বোলিং কিংবা অর্জনের সঙ্গে চলে তুলনা। সেই পরিচয়কে সঙ্গী করেই ক্রিকেটে নিজেদের জায়গা তৈরির চেষ্টা করছেন কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারের সন্তান।

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের ছেলে আরিয়াভির শেবাগ এরই মধ্যে নজর কেড়েছেন বয়সভিত্তিক ক্রিকেটে। ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৬৮ বলে ১৬০ রানের ইনিংস খেলেছেন তিনি। বাবার মতোই আক্রমণাত্মক ব্যাটিংয়ের ঝলক দেখাচ্ছেন তরুণ এই ওপেনার।

ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের দুই ছেলে সামিত ও অন্বয় দ্রাবিড়ও হাঁটছেন বাবার দেখানো পথে। বড় ছেলে সামিত একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার। কর্ণাটকের বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে ঘরোয়া ক্রিকেটেও নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন তিনি। ছোট ছেলে অন্বয়ও উইকেটকিপার ব্যাটার হিসেবে এগোচ্ছেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনিও। বাবার মতো ক্রিকেটে নিজেদের আলাদা পরিচয় গড়াই এখন দুই ভাইয়ের লক্ষ্য।

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাকের ছেলে আলী রাজ্জাকও এগোচ্ছেন বাবার পথ ধরে। ২২ বছর বয়সী এই অলরাউন্ডার খেলছেন ঘরোয়া ক্রিকেটে। ২০২৬ সালের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অভিষেকেই ৪৫ বলে ২৬ রান করেন। পরে প্রেসিডেন্টস ট্রফির এক ম্যাচে করেন ৬৪ ও ১১১ রান।

ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের দুই ছেলে রকি ও কোরিও ক্রিকেটে নিজেদের পরিচয় গড়ছেন। ১৮ বছর বয়সী রকি খেলছেন ল্যাঙ্কাশায়ারের হয়ে, পাশাপাশি জায়গা পেয়েছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলেও। অন্যদিকে ২০ বছর বয়সী কোরি খেলছেন কেন্টের হয়ে। বাবার মতোই ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় দুই ভাই।

ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভন খেলছেন সমারসেটের হয়ে। ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিনেও দক্ষতা দেখিয়েছেন তিনি। ২০২৪ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপের এক ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। মাইকেল আথারটনের ছেলে জশ ডি কেয়ারেসও খেলছেন মিডলসেক্সের হয়ে। ২০২১ সালে পেশাদার ক্রিকেটে অভিষেকের পর নিয়মিত খেলছেন প্রথম শ্রেণির ক্রিকেট।

বাংলাদেশের গল্পেও আছেন এমন একজন, জিসান আলম। তাঁর বাবা জাহাঙ্গীর আলম খেলেছেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট। চাচা জুয়েল হোসেন মনাও ছিলেন জাতীয় দলের ক্রিকেটার। ক্রিকেটের আবহেই বেড়ে ওঠা জিসান খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। নিয়মিতই দেখা যায় এইচপি দলের হয়েও!

আক্রমণাত্মক ব্যাটিং জিসানের সবচেয়ে বড় শক্তি। তাঁর স্বপ্ন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো। আর ছেলেকে লাল-সবুজের জার্সিতে দেখার অপেক্ষায় বাবা জাহাঙ্গীরও।

বাবার পরিচয় এসব তরুণ ক্রিকেটারদের পথচলার প্রাথমিক পুঁজি হতে পারে, তবে ক্রিকেটের দীর্ঘ পরিসরে সেই পরিচয় কখনোই সাফল্যের নিশ্চয়তা নয়। উত্তরাধিকার তাঁদের অনুপ্রেরণা জোগাবে, প্রত্যাশার পারদও চড়াবে; কিন্তু সামর্থ্যের স্বাক্ষর রাখতে হবে নিজেদের পারফরম্যান্সেই। শেষ পর্যন্ত বাবার কীর্তির ছায়ায় নয়, বরং নিজেদের অর্জনেই তাঁরা কতটা উজ্জ্বল হয়ে উঠতে পারেন, সেটিই দেখার অপেক্ষা।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link