মনের রাখার দিনটাতেই মন খারাপ হল রাফিনহার। ১০ নম্বর জার্সি পাওয়ার দিন লাল কার্ড দেখলেন। একই পরিণতি হল কোচ কার্লোস আনচেলত্তিরও। ঘটনাবহুল ম্যাচে দুই লাল কার্ডের সাথে জাপানের বিপক্ষে ৩-২ গোলের পরাজয় সঙ্গী হল ব্রাজিলের।
ম্যাচে ব্রাজিলকে কার্যত চমকেই দেয় স্বাগতিকরা। সেই চমকেই কি না, শেষ দিকে মেজাজ হারিয়ে বসে গোটা দল। যার পরিণতি মাঠের বাইরে থাকা দু’জনের লাল কার্ড।

সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে শুরু থেকেই ব্রাজিলকে চাপে রাখে জাপান। মাত্র ১৯ মিনিটেই দুই গোলের লিড পায় তাঁরা। দুই গোলে পিছিয়ে পড়ে অবশ্য হাল ছাড়েনি ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ম্যাচে ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৩৩ মিনিটে প্রথম গোল। ৭৫ মিনিটে দ্বিতীয়টি। ২-০ থেকে ২-২, মনে হচ্ছিল হার এড়ানোর পথেই আছে ব্রাজিল।
কিন্তু শেষ হাসিটা হাসে জাপান। যোগ করা সময়ে জয়সূচক গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় তারা। আর সেই গোল ঘিরেই শুরু হয় উত্তেজনা। গোলের আগে ফাউল হয়েছিল বলে দাবি করেন, ব্রাজিলের খেলোয়াড় ও কোচিং স্টাফ। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়ে ওঠেন আনচেলত্তি ও রাফিনহা। ৭১ মিনিটেই বদলি হয়ে মাঠ ছেড়েছিলেন ব্রাজিল অধিনায়ক রাফিনহা। তারপরও টাচলাইনের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে জড়ান তিনি।

শেষ পর্যন্ত অসন্তোষ প্রকাশের দায়ে দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। জাপানের কাছে হার, শেষ মুহূর্তের বিতর্কিত গোল হজম আর কোচ-অধিনায়কের লাল কার্ড, এক রাতেই যেন সব অস্বস্তি জমা হলো ব্রাজিল শিবিরে।










