রাবাদা জন্মেছেনই বাংলাদেশকে কাবু করতে!

দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও বাংলাদেশের বিপক্ষে রুদ্রমূর্তি হয়ে দাঁড়ালেন কাগিসো রাবাদা। জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন বাংলাদেশের ইনিংসের প্রথম বলেই অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনকে ফিরিয়ে শুরু।

দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও বাংলাদেশের বিপক্ষে রুদ্রমূর্তি হয়ে দাঁড়ালেন কাগিসো রাবাদা। জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন বাংলাদেশের ইনিংসের প্রথম বলেই অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনকে ফিরিয়ে শুরু।

এরপর একে একে সাজঘরে পাঠিয়েছেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। বিরতির পর ফিরে পরপর দুই বলে ফিরিয়েছেন সেট ব্যাটার তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে।

১৭ ওভারে ৫১ রান খরচায় ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ১৮তম ফাইফার! বাংলাদেশের বিপক্ষে টেস্টে পাঁচবার পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলারও এখন তিনি।

টেস্ট ফরম্যাটে ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিংও বাংলাদেশের বিপক্ষে। ৪৬ রান খরচায় ৬ উইকেট ২০২৪ সালে মিরপুরে! ২০১৭ সালে ব্লুমফন্টন টেস্টের দুই ইনিংসেই কাবু করে তুলেছিলেন দু’টি ফাইফার। বছর দুয়েক আগে চট্টগ্রামেও ফাইফারের কীর্তি আছে এই পেসারের।

কাগিসো রাবাদা যেন জন্মেছেনই বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে কাবু করতে। বাংলাদেশের বিপক্ষে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটাই ছিল এক অশনিসংকেত।

২০১৫ সালে মিরপুরে নিজের অভিষেক ওয়ানডেতেই বাংলাদেশের ব্যাটিং অর্ডার তছনছ করে দিয়েছিলেন এই প্রোটিয়া পেসার। মাত্র ১৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট, সঙ্গে ছিল হ্যাটট্রিক।

একদিনের ক্রিকেটে তাঁর দ্বিতীয় সেরা বোলিং ফিগারও বাংলাদেশের সঙ্গেই, ২০২২ সালে জোহানেসবার্গে! টি-টোয়েন্টি ফরম্যাটেও কাঁপিয়েছেন বাংলাদেশকে, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেই তো!

অভিষেকেই শুরু, এরপর যতবারই বাংলাদেশের সামনে দাঁড়িয়েছেন, নিজের গতি, ক্ষিপ্রতা, বাউন্স আর নিখুঁত লাইন লেন্থে হয়ে উঠেছেন ব্যাটারদের জন্য মূর্তিমান আতঙ্ক। পরিসংখ্যানও তাঁর দাপটের সাক্ষী।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link