ক্রিকেটার ধোনির গল্প শেষ!

সব আলো গোধূলি ডিঙিয়ে মিলিয়ে গেছে অন্ধকার রাতের কোলে, সময়ের স্রোত মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে গেছে মাঠ থেকে দূরে বহুদূরে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে এখন যে তাঁর পরিচয় কেবলই ‘মেন্টর’।

সাত নম্বর জার্সি পরে হলুদ সমুদ্রের ঢেউ ভেঙে আর ক্রিকেটের তীরে পা রাখা হবে না নাবিকের। একটা ছক্কা হাঁকানোর পর গ্যালারির গগনবিদারী চিৎকার আর মাহি মাহি সুর তুলবে না। সব আলো গোধূলি ডিঙিয়ে মিলিয়ে গেছে অন্ধকার রাতের কোলে, সময়ের স্রোত মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে গেছে মাঠ থেকে দূরে বহুদূরে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে এখন যে তাঁর পরিচয় কেবলই ‘মেন্টর’।

সময়ের নিয়ম বড় নির্মম। একদিন না একদিন ময়দান ছেড়ে চলে যেতে হয় সবাইকে, সেটা ক্রিকেট হোক কিংবা জীবন, ছাড় কেউ পায় না। সেই বাস্তবতার সঙ্গেই যেন নতুন করে পরিচয় করিয়ে দিল চেন্নাই সুপার কিংসের আনুষ্ঠানিক ঘোষণা। ব্যাট হাতে হলুদ জার্সিতে মাঠ মাতানোর বদলে এবার দলটির মেন্টরের দায়িত্ব নিতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। যার হাত ধরে চেন্নাইয়ের সাফল্য, সামনে থেকে যিনি লড়ে গেছেন এতদিন এখন থেকে তাঁর দায়িত্ব মাঠে নয়, একেবারে ডাগআউটে। সবার অলক্ষে ছক কষবেন, নতুনদের হাতে তুলে দেবেন লড়াইয়ের ব্যাটন।

চেন্নাইয়ের সব গল্পের কেন্দ্রীয় চরিত্র, তাদের নায়ক, মহানায়ক সবই যে ধোনি। সফলতার প্রতিটি বাঁকে জড়িয়ে আছে ধোনির প্রজ্ঞা, তাঁর অদ্ভুত শান্ত স্বভাব, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা আর অসম্ভবকে সম্ভব করে তোলার ক্ষমতা। প্রতিপক্ষ যখন জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে, তখনও ধোনির চোখেমুখে থাকত অদ্ভুত এক নিশ্চয়তা। যেন তিনি জানেন, গল্পের শেষটা এখনো লেখা হয়নি। সেই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে কত শত রূপকথা। কখনো শেষ ওভারের রুদ্ধশ্বাস জয়, কখনো হলুদ সমুদ্রের সামনে ট্রফি উঁচিয়ে ধরা, আবার বয়স আর সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন করে ফিরে আসা।

এবার সেই ধোনিই থাকবেন ডাগআউটের অন্য প্রান্তে। চেন্নাই সুপার কিংস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিয়েছে, ধোনির নতুন পরিচয়। অজস্র ভালোবাসা আর সফলতার সুতোয় বোনা গল্পের নতুন চরিত্রে থালা। নতুন এক দিগন্ত উন্মোচিত হলো তাঁর সামনে। তবে মাঝে মাঝে ব্যথারা বোধহয় বুকের ভেতর চিন চিন করে উঠবে, আবারও ব্যাটটা হাতে মাঠে নামতে চাইবেন ধোনি। চিপকের গ্যালারি থেকে ভেসে আসবে সেই পরিচিত সুর, এমন ভাবনা একবারের জন্যও কি ২২ গজের খুব কাছাকাছি থেকে ধোনি ভাববেন না?  তবে সময় যে শেষ। এ যাত্রায় ক্রিকেটার ধোনির গল্পটাও শেষ।

 

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link