মেসি পরবর্তী প্রথম জয়ের শুরুটাও নিকো পাজকে দিয়েই

আর্জেন্টিনা ফুটবলের মেসি পরবর্তী অধ্যায়ে প্রথম জয়টি এলো বিধ্বংসী রূপে, আর সেই জয়ের মঞ্চে নিজের সামর্থ্যের জানান দিলেন নিকো পাজ।

আর্জেন্টাইন ফুটবলের মেসি পরবর্তী অধ্যায়ে প্রথম জয়টি এলো বিধ্বংসী রূপে, আর সেই জয়ের মঞ্চে নিজের সামর্থ্যের জানান দিলেন নিকো পাজ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে প্রথমার্ধেই মাত্র ৪৫ মিনিট মাঠে থেকে জোড়া গোল করেন তিনি। ক্লাব ফুটবলেও ধারাবাহিক ছন্দে থাকা নিকো পাজ যেন ধীরে ধীরে আর্জেন্টিনার আক্রমণভাগের নতুন ভরসা হয়ে ওঠার বার্তা দিচ্ছেন।

ম্যাচের অষ্টম মিনিটেই বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন নিকো পাস। প্রথমার্ধের শেষ দিকে ৩৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি, যা আর্জেন্টিনার বড় জয়ের ভিত গড়ে দেয়। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি পাজ, কিন্তু তার আগেই নিজের কাজটি সেরে রেখেছিলেন এই তরুণ মিডফিল্ডার।

জাতীয় দলের এই পারফরম্যান্স বিচ্ছিন্ন কোনো ঝলক নয়। ইতালির ক্লাব কোমোর জার্সিতেও দারুণ সময় কাটাচ্ছেন নিকো পাজ। চলতি ২০২৬-২৭ মৌসুমে ১৪ ম্যাচে ছয় গোল ও আট অ্যাসিস্টের পাশাপাশি নিয়মিত শট তৈরি ও আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

এর আগে ২০২৫-২৬ মৌসুমেও ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ১৩ গোল ও সাত অ্যাসিস্ট নিয়ে প্রথমবারের মতো কোমোকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করান তিনি।

লিওনেল মেসির জায়গা কেউ কখনোই পূরণ করতে পারেন না – এই কথাটা নিরেট সত্য। তবে বাঁ পায়ের কারিকুরি, জায়গা খুঁজে নেওয়ার বুদ্ধিমত্তা, দূরপাল্লার শট এবং প্লেমেকিংয়ের সক্ষমতার কারণে নিকো পাজকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা ক্রমেই বাড়ছে।

মেসি নিজেও পাজের খেলা ও বুদ্ধিমত্তার প্রশংসা করেছিলেন। আর স্ক্যালোনির এই আর্জেন্টিনায় তিনি যে সাহস ও ছন্দে খেলছেন, তাতে ভবিষ্যতের বড় মঞ্চের জন্য নিজেকে প্রস্তুত করার ইঙ্গিতই দিচ্ছেন।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link