ইনজুরিতে কেউই বাকি নেই বায়ার্নের আক্রমণভাগে

আক্রমণ ভাগে প্রথম পছন্দের খেলোয়াড়দের মধ্যে সুস্থ ছিলেন কেবল কেন আর ওলিসেই। তাদের ইনজুরিতে যেন দুর্ভাগ্যের ষোল কলা পূর্ণ হলো জার্মান জায়ান্টদের।

মৌসুমের গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে বায়ার্ন মিউনিখের আক্রমণভাগে যেন ইনজুরির মড়ক লেগেছে। এফসি কোলনের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ১-১ গোলে ড্র করার রাতে জোড়া ধাক্কা খেয়েছে বাভারিয়ানরা। ম্যাচের মাত্র ২০ মিনিটের মাথায় ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ব্যালন ডি’অর জয়ী তারকা হ্যারি কেন। পরবর্তীতে ৪৬ মিনিটে চোট পান মাইকেল ওলিসে।

কোলনের বিপক্ষে এই হোঁচট খাওয়ার আগেই বায়ার্নের আক্রমণভাগের প্রায় সব গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরির তালিকায় ছিলেন। আক্রমণ ভাগে প্রথম পছন্দের খেলোয়াড়দের মধ্যে সুস্থ ছিলেন কেবল কেন আর ওলিসেই। তাদের ইনজুরিতে যেন দুর্ভাগ্যের ষোল কলা পূর্ণ হলো জার্মান জায়ান্টদের।

জার্মান স্ট্রাইকার সার্জ গ্যানাব্রি দীর্ঘ দিন ধরেই হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। ইতোমধ্যেই ১১টি ম্যাচ মিস করেছেন। মেডিকেল রিপোর্ট অনুযায়ী, এই বছর তাঁর ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে আক্রমণভাগের অন্যতম প্রধান কারিগর লেফট উইঙ্গার লুইস দিয়াজ পেশির ফাইবার ছিঁড়ে যাওয়ার কারণে মাঠের বাইরে আছেন।

এছাড়া দলের অন্য গুরুত্বপূর্ণ পজিশনেও চোটের হানা রয়েছে। গোলরক্ষক ম্যানুয়েল নয়ার পায়ের ইনজুরিতে ভুগছেন  এবং লেফট-ব্যাক আলফনসো ডেভিসেরও পেশির সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার ইসমাইল সাইবারি সিনডেসমোটিক লিগামেন্ট টিয়ার নিয়ে সাইড বেঞ্চে আছেন।

লিগ শিরোপার লড়াই চূড়ান্ত রূপ নেওয়া এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সামনে থাকা বড় ম্যাচগুলোর আগে বায়ার্নের এই ফরোয়ার্ড লাইন একদমই ভেঙে পড়েছে। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত হলেও, মৌসুমের মাঝপথে এমন ভঙ্গুর অ্যাটাকিং লাইন নিয়ে কোচ ভিনসেন্ট কোম্পানি কতটা বড় চ্যালেঞ্জ নিতে পারবেন, তা নিয়েই এখন বড়সড় সংশয় তৈরি হয়েছে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link