স্বপ্ন একটাই, ভারতের জার্সি গায়ে চাপানো। পাঞ্জাব থেকে যাত্রা শুরু, ভালোই এগোচ্ছিলেন। তবে করোনাভাইরাস বদলে দিল জীবনের সব হিসাব। ভারত নয়, নিখিল চৌধুরীকে লুফে নিল অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে স্বপ্নের অভিষেক, ভাগ্যের স্রোতে গা ভাসিয়ে নিখিল এখন অস্ট্রেলিয়ার ম্যাচ উইনার। ব্যাটে-বলে দাপট দেখিয়ে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে বধ করার নায়ক।
ভারতের জার্সিতে খেলার স্বপ্ন দেখতেন তিনি। স্বপ্নের পথে এগোচ্ছিলেনও। পাঞ্জাবের হয়ে খেলেছেন, মুম্বাই ইন্ডিয়ান্সে ট্রায়াল দিয়েছেন। কিন্তু ক্রিকেটের গল্প সব সময় পরিকল্পনা মেনে এগোয় না। গন্তব্য বদলে যায়, বদলে যায় জার্সির রংটাও। নিখিল চৌধুরির গল্পটা ঠিক তেমনই, ভারত থেকে অস্ট্রেলিয়া, মাঝের সময়টায় বদলে গেছে স্বপ্নের ঠিকানা।
২০২০ সালে বন্ধুর জন্মদিন উদ্যাপন করতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন নিখিল। এরপর করোনার কারণে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক সীমান্ত। দেশে ফেরা হয়নি তাঁর। অচেনা দেশে নতুন করে জীবন শুরু করার লড়াইয়ে নেমে পড়েন। ক্রিকেটের পাশাপাশি জীবিকার তাগিদে কাজ করেছেন রেস্তোরাঁয়, অস্ট্রেলিয়া পোস্টের হয়ে পার্সেলও পৌঁছে দিয়েছেন মানুষের দরজায়। অথচ মনের ভেতর ক্রিকেটের স্বপ্নটা বাঁচিয়ে রেখেছিলেন ঠিকই।

ক্লাব ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে জায়গা করে নেন বিগ ব্যাশে। হোবার্ট হারিকেন্সের হয়ে পারফর্ম করে পৌঁছে যান অস্ট্রেলিয়ার জাতীয় দলে। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকের পর এবার ইংল্যান্ডের বিপক্ষে নিজের জাত চেনালেন।
বল হাতে চার ওভারে মাত্র ২১ রান দিয়ে শিকার করেছেন দুটি উইকেট। যার মধ্যে ৬৫ রান করা হ্যারি ব্রুক আছেন। তবে সেখানেই নায়ক হওয়ার গল্প শেষ হয়নি। ১৮৮ রানের লক্ষ্যে যখন ৫৩ রানেই দুই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া, তখনই হাল ধরেন ম্যাচের। এরপর ব্যাট হাতে ইংলিশ বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন। ৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংসে অস্ট্রেলিয়াকে জয়ের দোরগোড়ায় এনে তবেই বিদায় নিয়েছেন।
যে ছেলেটা অস্ট্রেলিয়ায় এসে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছিল, সেই নিখিল এখন অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতায়। ভারতের হয়ে খেলার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু ক্রিকেট তাঁকে খালি হাতেও ফিরিয়ে দেয়নি। নতুন এক পরিচয় দিয়েছে, নতুন এক ঠিকানা দিয়েছে। আর মনের কোণে কোথাও ধূসর পাণ্ডুলিপির মতো পড়ে রয়েছে নীল জার্সি গায়ে চড়ানোর বাসনা।











