নীরবতার ভেতরেই লুকিয়ে থাকেন তিনি

কখনো বক্সের বাইরে থেকে নেওয়া আচমকা শট, কখনো আবার ডিফেন্স চেরা থ্রু-বল। প্রতিটি মুহূর্তে তাঁর সিদ্ধান্ত ছিল নিখুঁত।

ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়াম মুখরিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ঘিরে। এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ৩-৩ সমতায় ফেরে লিভারপুল। অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় তারা। গোলরক্ষক দিদা আলোনসোর শট ফেরালেও ফিরতি বলে জাল কাঁপান জাবি আলোনসো। সবচেয়ে কঠিন চাপেও বরফশীতল মাথায় কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেই রাত ছিল তারই জীবন্ত প্রমাণ।

উত্তর স্পেনের বাস্ক অঞ্চলের ছোট্ট শহর তলোসায় আলোনসোর ফুটবল চেতনার শুরু। বাবা পেরিকো আলোনসো ছিলেন নামী ফুটবলার। শৈশবে মিকেল আর্তেতার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা বল নিয়ে কাটিয়ে শিখেছেন বলের চেয়ে দ্রুত চিন্তা করতে। শক্তির চেয়ে বুদ্ধিমত্তায় বিশ্বাসী জাবি বুঝে গিয়েছিলেন, মাঠে সবচেয়ে জোরে দৌড়ানো মানুষটিই সবসময় জয়ী হন না। যিনি সবার আগে বুঝতে পারেন বল কোথায় যাবে, তিনিই আসল রাজা।

রিয়াল সোসিয়েদাদের হয়ে ২০০২-০৩ মৌসুমে শিরোপা দৌড়ে থাকা তরুণ আলোনসো মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করতেন নির্ভুল পাসে। কোনো অহেতুক ড্রিবল নয়, নিখুঁত পাসই ছিল তাঁর শিল্প।

২০১০ বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে নাইজেল ডি ইয়ংয়ের বুট সরাসরি আঘাত হানে আলোনসোর বুকে। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েও অদম্য লড়াইয়ের মানসিকতা দেখান তিনি। স্পেন অতিরিক্ত সময়ে শিরোপা জিতে ইতিহাস গড়ে, আর প্রমাণ হয় – নীরব মানুষটির ভেতরেও লুকিয়ে থাকে অসীম সাহস ও আত্মত্যাগ।

২০১২ ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেনের হয়ে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন জাবি আলোনসো। সচরাচর গোলের চেয়ে পাসের হিসেব কষতেই অভ্যস্ত ছিলেন তিনি, অথচ এমন মাইলফলকের ম্যাচেই সামনে থেকে নেতৃত্ব দিলেন।

প্রথমার্ধে হেডে গোল করে স্পেনকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে পেনাল্টি থেকে পানেনকা-ঘেঁষা নিখুঁত শটে দ্বিতীয় গোলটি করেন। ২-০ গোলের সেই জয়ে স্পেন সেমিফাইনালে উঠে যায়, আর আলোনসো দেখিয়ে দেন – নীরব প্লেমেকারও প্রয়োজনে ম্যাচের একক নায়ক হয়ে উঠতে পারেন।

রিয়াল মাদ্রিদে গ্যালাকটিকোদের ভিড়ে আলোনসো ছিলেন এক শান্ত স্তম্ভ। ক্রিশ্চিয়ানো রোনালদো বা করিম বেনজেমার ঝলকানির আড়ালে প্রায়ই থেকে যেত মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পড়া তাঁর নিখুঁত লং-পাসের গল্প।

কখনো বক্সের বাইরে থেকে নেওয়া আচমকা শট, কখনো আবার ডিফেন্স চেরা থ্রু-বল। প্রতিটি মুহূর্তে তাঁর সিদ্ধান্ত ছিল নিখুঁত। পরে বায়ার্ন মিউনিখে পেপ গার্দিওলার অধীনে খেলতে গিয়ে নিজের ফুটবল-দর্শন আরও শাণিত করেন তিনি, ২০১৭ সালে বিদায়ী মৌসুমেও ধরে রাখেন সেই ধারাবাহিক ছন্দ।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে এসে বায়ার লেভারকুজেনকে পরাজয়হীন মৌসুম উপহার দেওয়া আধুনিক ফুটবলের অন্যতম সেরা গল্প। ডাগআউটে অহেতুক চিৎকার নেই, নাটকীয়তা নেই। আছে নিখুঁত পরিকল্পনা আর খেলোয়াড়দের ওপর অগাধ আস্থা। একসময় বল দিয়ে মাঠের জ্যামিতি আঁকতেন যিনি, আজ এগারোজন খেলোয়াড়কে দিয়ে সেই একই জ্যামিতি আঁকান। সাফল্যের জন্য সবসময় কোলাহল লাগে না। নীরবতাও যে মহাকাব্য রচনা করে, জাবি আলোনসো তারই উজ্জ্বল প্রমাণ।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link