টেস্ট ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চের ফাইনালে শেষ পর্যন্ত জায়গা পাচ্ছে কারা? ২০২৫-২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে নানা সমীকরণ সামনে রেখে এগোচ্ছে দলগুলো। চলতি সাইকেলে এখনো বাকি ২২টি টেস্ট। এর মধ্যে দিয়েই নির্ধারিত হবে ফাইনালের দুই টিকিট।
আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ফাইনালের দৌড়ে টিকে থাকতে কঠিন পরীক্ষার সামনে ভারত। আগের দুই সাইকেলের চার ফাইনালিস্টের মধ্যে তিন দলই ৬৫ শতাংশের বেশি পয়েন্ট নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল। এবারও কি গত সাইকেলগুলোর মতো ফাইনালিস্টদের পয়েন্ট ৬৫ শতাংশের আশেপাশে থাকতে হবে? এসব নিয়েই একটু হিসাব-নিকাশ করা যাক!
আট টেস্টে ছয় জয় ও দুই হারে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বাকি ছয় টেস্টের মধ্যে চারটিতে জয় পেলেই ৭১.৪৩ শতাংশ পয়েন্ট নিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে প্রোটিয়ারা। তবে তিন জয় ও তিন হার নিয়ে সাইকেল শেষ করলে পয়েন্ট নেমে আসবে ৬৪.২৮ শতাংশে। তিন জয় ও তিন ড্রয়ে তা দাঁড়াবে ৬৬.৬৭ শতাংশে।

১৩ টেস্টে নয় জয় ও চার হারে ৬৯.২৩ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। তবে সামনের পথটা মোটেও সহজ নয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের পর ভারত সফরে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে হবে অস্ট্রেলিয়াকে। বাকি নয় টেস্টে ছয় জয় পেলে তাদের পয়েন্ট হবে ৬৮.১৮ শতাংশ। পাঁচ জয় পেলে ৬৩.৬৪ শতাংশ, আর চার জয় নিয়ে সাইকেল শেষ করলে তা নেমে আসবে ৫৯.০৯ শতাংশে।
সাত টেস্টে চার জয়, এক হার ও দুই ড্রয়ে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিউজিল্যান্ড। হাতে রয়েছে আরও নয়টি টেস্ট। কিউইদের সামনে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তান। অস্ট্রেলিয়ার সঙ্গে চার ম্যাচের সিরিজ হলেও বাকিদের সঙ্গে দুটি করে খেলবে নিউজিল্যান্ড। ভারতের সঙ্গে রয়েছে আর একটি ম্যাচ।
এর মধ্যে পাঁচটিতে জিততে পারলে কিংবা চার জয় ও তিন ড্র নিয়ে শেষ করতে পারলে ৬০ শতাংশের বেশি পয়েন্ট নিশ্চিত হবে কিউইদের। তবে ফাইনালে ওঠার জন্য শুধু এই হিসাব যথেষ্ট নাও হতে পারে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় ৬৫ শতাংশের কাছাকাছি বা তার বেশি পয়েন্ট সংগ্রহ করাই হবে নিউজিল্যান্ডের জন্য নিরাপদ লক্ষ্য।

১২ টেস্টে পাঁচ জয়, চার হার ও তিন ড্রয়ে ভারতের সংগ্রহ ৫০ শতাংশ পয়েন্ট। ফলে ফাইনালের দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে দলটি। হাতে থাকা ছয়টি টেস্টের সবকটিতে জিততে পারলে সর্বোচ্চ ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে সাইকেল শেষ করার সুযোগ রয়েছে। পাঁচ জয় ও এক ড্রয়ে পয়েন্ট হবে ৬২.৯৬ শতাংশ। আর পাঁচ জয় ও এক হার হলে তা দাঁড়াবে ৬১.১১ শতাংশে। ভারতের সামনে এখন আর পয়েন্ট হারানোর সুযোগ নেই বললেই চলে।
এদিকে থাকা বাকি দলগোলোর সম্ভাবনা নেই এমনটাও না। বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার ফাইনালে ওঠার সম্ভাবনা ঝুলে আছে টেবিলের শীর্ষে থাকা দলগুলোর দিকে। কোনো কোনো দলের টানা ব্যর্থতাই হয়ে উঠতে পারে তাদের ফাইনালে যাওয়ার চাবিকাঠি!











